Sylhet Today 24 PRINT

মাঠে ঢুকে মামলা খেলেন সেই সাকিব ভক্ত

স্পোর্টস ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

আফগানিস্তান ইনিংসের ১০৭তম ওভারের বোলিং শুরু করতে যাচ্ছিলেন সাকিব আল হাসান। এ সময় এক যুবক দৌড়ে ঢুকে পড়েন মাঠে। ফয়সাল নামের ওই দর্শকের হাতে তখন এক তোড়া লাল গোলাপ। যুবকটি সাকিবের কাছে এসেই দিলেন স্যালুট।

ওখানেই শেষনয়। আকস্মিক মাঠে ঢুকে পড়া ফয়সাল হাঁটু গেড়ে লাল গোলাপ উপহার দিতে চাইলেন সাকিবকে। বিসিবির নিরাপত্তাকর্মী দৌড়ে এসে ওই দর্শককে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত খেলা থেমে থাকল ৩-৪ মিনিট।

ফয়সালকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয় নিকটস্থ পাহাড়তলী থানায়। সেখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, ‘আসামি গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটা হয়েছে স্টেডিয়ামে অনধিকার প্রবেশ ও খেলোয়াড়দের মধ্যে ভীতি সঞ্চার করার অভিযোগে। কাল (শনিবার) তাকে আদালতে চালান করা হবে।’

এদিকে, ফয়সাল আহমেদ নামের এই ভক্তের পাগলামি পছন্দ হয়নি সাকিবের। ভবিষ্যতে কেউ যেন এভাবে মাঠে প্রবেশ না করেন, সেই অনুরোধটাও রেখেছেন তিনি, ‘আমি চাই না এমন কিছু হোক। আমাদের খেলার মাঠে এমন ঘটনা যত কম...কম নয় আসলে না ঘটাই ভালো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.