Sylhet Today 24 PRINT

জাপানের কাছে ৯ গোলে হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৯

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পরাশক্তি জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

গ্রুপ ‘এ’তে টানা দুই হারে এক ম্যাচ হাতে থাকা সত্ত্বেও গ্রুপপর্ব থেকেই বিদায় ঘটল গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।

বুধবার র‍্যাঙ্কিংয়ে ১১ নম্বরে থাকা জাপানের মেয়েরা ১১৯ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ কিশোরীদের জালে গোল উৎসব যেন করল।

থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে প্রথমার্ধেই ৫ গোল হজম করে বাংলাদেশ। নিজেদের অর্ধে ১১ খেলোয়াড় খেলিয়েও শেষ ৪৫ মিনিটে আরও ৪ গোল হজম করতে হয় মারিয়া মান্ডাদের।

দুই ম্যাচে মোট ১০ গোল জড়াল বাংলাদেশের জালে। প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলার মেয়েরা। ২১ সেপ্টেম্বর আরেক শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটা কেবল আনুষ্ঠানিকতার হয়ে দাঁড়াল।

বাংলাদেশের জালে গোলবন্যার শুরু দ্বিতীয় মিনিটে। মানাকার শট দূরের পোস্টের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে নেয়। চার মিনিট পর সতীর্থের ছোট পাস ধরে মাইকা হামানোর নিচু শট দূরের পোস্টে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

তৃতীয় গোলটি বাংলাদেশ হজম করে ডিফেন্ডার আঁখি খাতুনের হাস্যকর ভুলে। দুর্বল পাসে মোয়ে ওতার পায়ে বল তুলে দেন আঁখি। সহজেই ডিফেন্সের ফাঁক গলে বেরিয়ে বাঁ পায়ের শটে রুপনা চাকমার মাথার পর দিয়ে বল ঠিকানায় পৌঁছে দেন জাপানের এই মিডফিল্ডার।

২১তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে গোলমুখ থেকে প্লেসিং শটে স্কোরলাইন ৪-০ করেন মাইকা। আঁখি-নাজমারা কিছুই করতে পারেননি। প্রথমার্ধের শেষ দিকে মোমোকোর শট ঠেকাতে ঝাঁপিয়ে পড়া রুপনার হাতে লেগে বল জালে জড়ালে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

একপেশে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও রক্ষণ জমাট করতে পারেনি বাংলাদেশ। এই অর্ধের শুরুতে হজম করে বসে আরও দুই গোল। ৫৯তম মিনিটে দূরপাল্লার শটে ও পরের মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে রিরিকা তান্নো লক্ষ্যভেদ করলে স্কোরলাইন হয় ৮-০! পরে আরও এক গোল হজম করে বাংলাদেশ।

এ প্রতিযোগিতায় এ নিয়ে জাপানের কাছে টানা দ্বিতীয়বার হারল বাংলাদেশ। গতবার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলটি জাপানের কাছে হেরেছিল ৩-০ গোলে।

এবারের মতো গতবারও ৯ গোল হজমের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল মেয়েদের। গতবার উত্তর কোরিয়ার কাছে গ্রুপ পর্বে ৯-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.