সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০১৫
শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে ৫ জাতির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট কমিটি (আইসিআরসি), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ আয়োজনে শুরু হচ্ছে এই আসর। আয়োজকদের বিশ্বাস, এমন একটি টুর্নামেন্ট সৃষ্টি করবে অনন্য এক গৌরবের ইতিহাস।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিআরসির বাংলাদেশ শাখার প্রধান ক্রিস্টিন চিপোলা।
প্রথম ম্যাচেই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আসরটি সামনে রেখে মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ৫ দলের অধিনায়ক ছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সীমিত ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন, আইসিআরসির বাংলাদেশ শাখার প্রধান ক্রিস্টিন চিপোলা এবং আইসিআরসি বাংলাদেশের ফিজিক্যাল রিহ্যাবিলিটেন প্রজেক্ট ম্যানেজার গার্ড ভ্যান রেড ভ্যালডে।
বিশ্বের যে কোনো দেশেই প্রতিবন্ধীরা সুস্থ মানুষদের তুলনায় কম সুবিধা পান। তাদেরকে মনে করা হয় সমাজের পিছিয়ে পড়া শ্রেণী। কিন্তু এই টুর্নামেন্ট প্রমাণ করবে যে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মানুষকে পিছিয়ে দিতে পারে না। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন ক্রিস্টিন চিপোলা।
তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিবন্ধীদের চোখে আমরা আলো দেখেছি। এটা কেবলই শুরু; ভবিষ্যতে আরও অনেক কিছু হবে।’
টুর্নামেন্টটি সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘শারীরিক প্রতিবন্ধীরা সমাজে নানা রকম বৈষম্যের শিকার হয়। সমাজের অনেকের মনে প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক চিন্তা থাকে; নানা রকম কুসংস্কার থাকে। এই টুর্নামেন্ট সবার কাছে প্রতিবন্ধীদের বিজয়ের বার্তা পৌঁছে দিবে। সবাইকে জানিয়ে দিবে যে প্রতিবন্ধীরাও সমাজের মূলস্রোতের সঙ্গে মিশে যেতে পারে।’