স্পোর্টস ডেস্ক | ০৩ অক্টোবর, ২০১৯
সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে দুইধাপ এগিয়ে থাকা ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এনিয়ে দলটির বিপক্ষে টানা তিন ম্যাচ জিতল লাল-সবুজের প্রতিনিধিরা। এরআগে প্রথম প্রীতি ম্যাচে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল জেমি ডের দল।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইয়াসিনের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে কাতারের বিপক্ষে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে দল। পাঁচ দিন পর খেলবে অ্যাওয়ে ম্যাচ; ভারতের বিপক্ষে।
ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ দিক থেকে রায়হানের লম্বা থ্রোয়ে ইয়াসিনের হেড জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।
দ্বিতীয়ার্ধে রবিউলের বদলি নামেন ইব্রাহিম। ৫৭তম মিনিটে ছোট ডি-বক্সের জটলার ভেতর থেকে ব্যবধান বাড়াতে পারেননি নাবীব নেওয়াজ জীবন। আগের ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ডের শট ফেরান এক ডিফেন্ডার। একটু পর উড়িয়ে মারেন বিপলু আহমেদ।
প্রথমার্ধে সাদামাটা খেলা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে; তবে ব্যবধান দ্বিগুণ করতে পারছিলেন না ফরোয়ার্ডরা। ৬০তম মিনিটে হতাশ করেন সাদউদ্দিনের বদলি নামা মাহবুবুর রহমান সুফিল। মাঝমাঠের একটু ওপর থেকে দুই ডিফেন্ডারকে কাটানোর পর তিসেরাংকে ফাঁকি দিলেও গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন এই ফরোয়ার্ড। একটু পর জামাল ভূইয়ার দূরপাল্লার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।
৬৬তম মিনিটে দারুণ এক মিলিত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। জীবনের বদলি নামা আরিফুর রহমানের রক্ষণচেরা পাস ধরে ডান দিক থেকে ক্রস বাড়ান ইব্রাহিম। লাফিয়ে উঠে হেডে গোলমুখ থেকে জাল খুঁজে নেন ইয়াসিন।