Sylhet Today 24 PRINT

গ্রেনাডার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৯

বার্সেলোনার বিপক্ষে দুই গোলে জয় পাওয়া গ্রেনাডা পারল না রিয়াল মাদ্রিদের সাথে। লি লিগার ম্যাচে শনিবার বিকালে ৪-২ গোলে জিতেছে স্পেনের সফলতম দলটি। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা দুই ম্যাচে ড্র করার পর জয়ে ফিরল রিয়াল।

করিম বেনজেমা শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান এদেন আজার। দ্বিতীয়ার্ধে দূরপাল্লার শটে বল জালে পাঠান লুকা মদ্রিচ। দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে গ্রেনাডা। ম্যাচের যোগ করা সময়ে রিয়ালের জয় নিশ্চিত করেন হামেস রদ্রিগেস।

ম্যাচের দ্বিতীয় মিনিটের গ্যারেথ বেলের নিচু ক্রসে বাকিটা সারেন সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা বেনজেমা। চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল।

একের পর এক আক্রমণ করা রিয়াল ব্যবধান বাড়ায় প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে। ফেদেরিকো ভালভেরদের কাছ থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান আজার। চেলসি থেকে এবারের গ্রীষ্মে রিয়ালে যোগ দেওয়ার পর নতুন ঠিকানায় প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই বেলজিয়ান তারকার প্রথম গোল।

৬১তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মদ্রিচ। আজারের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

৬৮তম মিনিটে ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে তালগোল পাকান রিয়াল গোলরক্ষক আলফুঁস আরিওলা। শেষ সময়ে শট নিতে গিয়ে মেরে বসেন ছুটে আসা আলভারো ভাদিয়োর পায়ে। সফল স্পট কিক থেকে ব্যবধান কমান দারউইন মার্চিস।

৭৭তম মিনিটে ঠিকই দ্বিতীয় গোল আদায় করে নেয় অতিথিরা। কর্নার থেকে ভিক্তর দিয়াসের ফ্লিক থেকে বল পেয়ে দারুণ স্লাইডে জাল খুঁজে নেন ডমিঙ্গোস দুরাতে।

৮৫তম মিনিটে প্রতি আক্রমণে দারুণ সুযোগ আসে বেনজেমার সামনে। গ্রেনাডা গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি। যোগ করা সময়ে আর রক্ষা করতে পারেননি গোলরক্ষক। ওদ্রিওসোলার কাটব্যাকে ইসকোর ডামিতে বল পান অরক্ষিত রদ্রিগেস। তার কোনাকুনি শট অনেক চেষ্টা করেও ঠেকাতে পারেননি সিলভা।

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল। ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে গ্রেনাডা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.