Sylhet Today 24 PRINT

বিপিএল খেলতে চান ৪০০ বিদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৯

সবকিছু ঠিক থাকলে নতুন নিয়মে ৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর। কথা ছিলো সেপ্টেম্বরেই টুর্নামেন্টটির সবকিছু চূড়ান্ত হবে। আর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি মাসের মাঝামাঝি। কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি।

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে আসন্ন বিপিএল নিয়ে আগ্রহী পৃষ্ঠপোষকদের সঙ্গে আলোচনায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবি কার্যালয়ে বিকেলে সভা শেষে আয়োজকদের হয়ে সংবাদমাধ্যমে কথা বলেন মাহবুব আনাম।  তিনি জানান, প্রায় ৪০০ বিদেশি খেলোয়াড় আসন্ন বিপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

মাহবুব আনাম বলেন, ‘ড্রাফটে আমরা বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করছি। এরই মধ্যে চারশর কাছাকাছি বিদেশি খেলোয়াড় আসন্ন বিপিএল ড্রাফটের জন্য আগ্রহ প্রকাশ করেছে।’

এ ছাড়া সপ্তম বিপিএলে কিছু নিয়মনীতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  যেমন প্রতিটি দলে স্থানীয় একজন লেগস্পিনার বাধ্যতামূলকভাবে খেলাতে হবে। তাঁকে দিয়ে করাতে হবে পুরো চার ওভার। এ ছাড়া বিপিএলে গতিময় বিদেশি পেসার খেলাতে হবে। যাঁদের গতি হতে হবে ১৪০-এর ওপরে।

এ প্রসঙ্গে বিসিবির পরিচালক বলেন, ‘যে বিদেশি পেস বোলাররা অন্তত ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে, তাদের যেন দলে অন্তর্ভুক্ত করা হয়। যেহেতু আমরা বিসিবির টাকা ক্রিকেটের উন্নয়নে ব্যয় করতে চাই, এ কারণে এসব বাধ্যবাধকতা থাকবে।’

মাহবুব আনাম আরও বলেন, ‘আপনারা জানেন, আমরা লেগস্পিনার খুঁজছি। প্রতিটি দলকে বলে দেওয়া হবে, তারা যেন লেগস্পিনার অবশ্যই খেলায়। কিছু কিছু জায়গায় আমরা বাধ্যবাধকতা আনব। প্রতিটি দলে একজন লেগস্পিনার খেলাতেই হবে এবং তাকে চার ওভার বল করানো আবশ্যক করে দেব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.