Sylhet Today 24 PRINT

পাকিস্তানে ক্রিকেট দল পাঠাতে চান সুজন

স্পোর্টস ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৯

পুরনো ছবি

২০০৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে গত দশ বছর দেশটিতে জাতীয় দল পাঠায়নি বিসিবি। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আর্থিক ক্ষতিপূরণও দিতে হয়েছে বোর্ডকে। বাংলাদেশ না যাওয়ায় ২০১৫ সালের পর পাকিস্তানও খেলতে আসেনি।

আবারও জাতীয় দলের পাকিস্তান সফর সামনে। আগামী বছরের শুরুতেই টেস্ট ও টি২০ সিরিজ খেলতে পাকিস্তানে যেতে পারে বাংলাদেশ। টাইগারদের এই সফর নিয়ে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন ইতিবাচক; তিনি পাকিস্তান সফরে ক্রিকেট দল পাঠাতে চান।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন পাকিস্তানে যাওয়ার পক্ষে, 'শ্রীলংকা তো খেলে গেল। ভালোই নিরাপত্তা দিয়েছে পিসিবি। এ রকম নিরাপত্তা নিশ্চিত হলে খেলতে যেতে কোনো সমস্যা দেখি না। আর নিরাপত্তা তো সারা পৃথিবীরই সমস্যা। শ্রীলংকাতেও কিছুদিন আগে হামলা হয়েছে। আমরা তো খেলে এসেছি। নিউজিল্যান্ড, ইংল্যান্ডেও হামলার ঘটনা ঘটে। এভাবে চিন্তা করলে পৃথিবীর কোথাও খেলা হবে না।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.