Sylhet Today 24 PRINT

বিয়ের পিঁড়িতে বসছেন ৫৪ বছরের ম্যারাডোনা!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৫

প্রথম স্ত্রী ক্লদিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই আবারও বিয়ে করতে চলেছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা।

বান্ধবী ২৫ বছরের রোজিও অলিভার সঙ্গে ৫৪ বছরের ম্যারাডোনার বিয়ে আগামী ১৩ ডিসেম্বর।

ম্যারাডোনার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, বিয়ের আয়োজনের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। ১৯৮৬ বিশ্বজয়ী নায়ক পোপ ফ্রান্সিসকে অনুরোধ করেছেন তার বিয়ের অনুষ্ঠানে থাকার জন্য। পোপ একজন আর্জেন্টাইন।

বিয়ের কথা ম্যারাডোনা নিজেই জানিয়েছেন আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলকে।

অলিভার সঙ্গে ম্যারাডোনার সম্পর্ক দু’বছরের। গত বছর যদিও অলিভা-ম্যারাডোনা সম্পর্কে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল। বান্ধবীকে আঘাত করেছেন ম্যারাডোনা, এ মর্মে একটি ভিডিও প্রকাশ হতেই তা নিয়ে আলোড়ন তৈরি হয়। ম্যারাডোনা অস্বীকার করেন ঘটনাটি। এখন বিতর্ক পেছনে ফেলে এখন মধুরেণ সমাপয়েতের অপেক্ষা। শুভ পরিণয়ের অপেক্ষায় আছেন এক সময়ের বিশ্বের অন্যতম সেরা এক ফুটবলার। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.