Sylhet Today 24 PRINT

ক্রিকেটারদের দাবির প্রতি সমর্থন জানালো \'ফিকা\'

স্পোর্টস ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৯

সাকিব-তামিমদের আন্দোলনে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন (ফিকা)। এর আগে সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। আর এসব দাবি না মানা হলে এখন থেকে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নেবেন না তারা। এরই পরিপ্রেক্ষিতে এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিল ফিকা।

ফিকার নির্বাহী সভাপতি টনি আইরিশ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের ঐক্যের প্রশংসা করছে ফিকা। পেশাদার ক্রিকেটার হিসেবে তাদের যে যৌক্তিক দাবি, সেগুলো একসঙ্গে তুলে ধরেছেন। বাংলাদেশে খেলোয়াড়দের একসঙ্গে কিছু করার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এটা ঘটেছে। আমরা বুঝতে পারছি, পরিষ্কার একটা ইঙ্গিত পাওয়া গেল যে ক্রিকেটে গুরুত্বপূর্ণ একটি দেশের খেলোয়াড়দের যেভাবে দেখা হচ্ছে, সেটার পরিবর্তন দরকার।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের কাছে আরও একটি বিষয় পরিষ্কার হল, গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের খেলোয়াড়দের কথা শোনা হয় না কিংবা তাদের সেই সম্মানটা দেয়া হয় না। যেটা তাদের ক্যারিয়ার এবং জীবনধারণে প্রভাব ফেলছে। প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব হল তাদের হয়ে কথা বলা, খেলোয়াড়দের দ্বারা প্রতিনিধি নির্বাচিত করা। উদ্বেগের বিষয় হল বাংলাদেশের ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) খেলোয়াড়দের এই কঠিন সময়ে দায়িত্বটা পালন করতে পারছে বলে মনে হয় না। আরও উদ্বেগের বিষয় হল, কোয়াবের কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদেও অধিষ্ঠিত। এই সব বিষয় দেখে আমরা মনে করছি, ফিকার উচিত এতে সমর্থন দেয়া এবং এই সময়ে খেলোয়াড়দের পাশে থাকা।’

শুধু তাই নয়, এমন আন্দোলনের পর কোয়াবের সদস্যপদ নিয়ে আবারও নতুন করে ভাববে বলে জানিয়েছে ফিকা। ফলে সামনে আরও বড় ধরনের ঘোষণা আসতে পারে। বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা মোটেই মঙ্গলজনক হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.