Sylhet Today 24 PRINT

বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে মিরপুর যাচ্ছেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৯

ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে মিরপুরের বিসিবি কার্যালয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে বৈঠকে বসেন তারা। এরপর রাতেই বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে মিরপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তবে এর আগে ধর্মঘটে থাকা ক্রিকেটাররা সংবাদ সম্মেলন করে দুই দফা বাড়িয়ে ১৩ দফা দাবি গণমাধ্যমের কাছে তুলে ধরেন।

সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনার জন্য সময় নিয়েছিলেন সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটাররা। আলোচনার উদ্দেশ্য একটাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কখন, কোথায় তারা আলোচনা করবেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে আজ রাতেই মিরপুরে বিসিবি কার্যালয়ে তারা যাবেন। সেখানে আলোচনায় বসবেন বোর্ডের সঙ্গে।

আলোচনা শেষে সাকিব নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যাপারটি। এর আগে তিনি যতটা দ্রুত সম্ভব সংকট নিরসনে নিজেদের ইচ্ছার কথাই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বোর্ডের কারও সঙ্গে আমাদের ব্যক্তিগত ক্ষোভ, দুঃখ কিংবা বিরাগ নেই। আমরা সবাই মিলেই ক্রিকেট বোর্ড। দ্রুত সমস্যার সমাধান চাই। বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চাই।’

এদিকে, আজ বুধবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে ছিলেন বোর্ডের অন্যতম পরিচালক, সাবেক অধিনায়ক নাঈমুর রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বোর্ড সভাপতি ক্রিকেটারদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। সে জন্য মিরপুরে বিসিবি কার্যালয়ে অপেক্ষাও করেন। তবে ক্রিকেটাররা তখন আলোচনায় যোগ না দিয়ে গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের জন্য জমায়েত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.