Sylhet Today 24 PRINT

‘কটূক্তিতে’ মেজাজ হারালেন মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৯

আউট হয়ে ফেরার সময়ে গ্যালারিতে থাকা এক দর্শকের ‘কটূক্তিতে’ মেজাজ হারালেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম; বাকবিতণ্ডায় জড়ান। অবশ্য নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে ঘটনা বেশিদূর আর গড়ায়নি। ওই দর্শককে মাঠ থেকে বের করে দিয়েছেন নিরাপত্তাকর্মীরা।

রোববার মিরপুরে ভারত সফরের ক্যাম্পে থাকা খেলোয়াড়রা ও জাতীয় লিগ থেকে ডাক পাওয়া খেলোয়াড়রা দুই দলে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নেন। বিসিবি সবুজ দল ও বিসিবি লাল দল এই দুই ভাগে ভাগ হয়ে খেলেন ক্রিকেটাররা।

মুশফিক ছিলেন লাল দলে। রান তাড়া করতে নেমে ৩ বলে ৪ রানে আঊট হয়ে যান মুশফিক। আরাফাত সানির শিকার হয়ে ফেরার সময় বেশ হতাশ ছিলেন মুশফিক। বারবার তাকাচ্ছিলেন ব্যাটের দিকে।

ড্রেসিংরুমে ফেরার পথে হঠাৎই মুশফিককে দেখা যায় রেলিং টপকে গ্যালারিকে ঢুকে যেতে। কাছাকাছি চলে যান একজন দর্শকের। আউট হয়ে ফেরার সময় মুশফিককে উদ্দেশ্য করে তিনি কিছু একটা বলেছেন বলে জানা যায়। ক্ষিপ্ত মুশফিককে দেখা যায় তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে। এরপর নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে দ্রুতই অবশ্য মুশফিক ড্রেসিং রুমে ফিরেছেন।

জানা যায় সেই দর্শক একটি ফেসবুক ক্রিকেট গ্রুপের সদস্য। ওই ঘটনার পর তাকে অবশ্য মাঠের বাইরে বের করে দেন নিরাপত্তাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.