Sylhet Today 24 PRINT

বিসিবির চুক্তি থেকেও বাদ পড়ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৯

ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় বুধবার আইসিসি থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান। এরমধ্যে এক বছরের সাজা শর্তসাপেক্ষে স্থগিত করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার ফলে আগামী এক বছর ক্রিকেট থেকে দূরে থাকবে এই তারকা ক্রিকেটার।

আইসিসি কর্তৃক আরোপিত এ নিষেধাজ্ঞার পর প্রশ্ন দেখা দিয়েছে, সাকিব আল হাসান তো বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। তাহলে এখন কি সাকিবের সঙ্গে এই চুক্তি বহাল থাকবে বিসিবির? নাকি বাতিল হয়ে যাবে।

আপাত দৃষ্টিতে সাকিবের সঙ্গে বিসিবির চুক্তিও আর বহাল থাকার কথা নয়। আইসিসির নিষেধাজ্ঞা কার্যকরের সঙ্গে সঙ্গে বিসিবির সঙ্গে চুক্তিও বাতিল কার্যকর হয়ে গেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

এ প্রসঙ্গে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘এটা অবশ্যই বাতিল হওয়ার কথা। যে নিয়ম আছে, সেই অনুযায়ী এটা ২৯ অক্টোবর থেকেই বাতিল হওয়ার কথা।

তবে বোর্ড এখনো এ বিষয়ে যেহেতু কোনো সিদ্ধান্ত জানায়নি, তাই এটা এখনই বাতিল হয়ে গেছে- এমনটা আমি বলতে পারি না।’ এছাড়া বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘নিয়ম তো তাই বলছে যে, সাকিবের সঙ্গে বিসিবির চুক্তিটা আপাতত আর থাকছে না।’

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ গ্রেডের এবং সর্বোচ্চ বেতন প্রাপ্ত একজন ক্রিকেটার। তার মাসিক বেতন চার লাখ টাকা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.