Sylhet Today 24 PRINT

রোনালদোর গোলে জিতল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক  |  ৩১ অক্টোবর, ২০১৯

ইতালিয়ান লিগে ইন্টার মিলানের সঙ্গে অনেকটা ইঁদুর-বিড়াল লড়াই চলছিল জুভেন্টাসের। আজ মিলানকে টপকে টেবিলের শীর্ষে উঠতে হলে জিনোয়ার বিপক্ষে জয়টাই দরকার ছিল জুভদের। তবে জুভেন্টাসের মাঠে গিয়ে তাদের ছেড়ে কথা বলেনি জিনোয়া। শেষ মুহূর্তে রোনালদোর পেনাল্টি শটে গোল না হলে ১-১-এ সমতা নিয়েই মাঠ ছাড়ত অতিথিরা।

তবে রোনালদোর গোলে শেষ রক্ষা হয়েছে জুভেন্টাসের। ইন্টার মিলানকে টপকে লিগ টেবিলের শীর্ষেও উঠে গেছে তুরিনের দলটি।

ম্যাচের প্রথম গোলটি করে জুভেন্টাসই। লিওনার্দো বোনুচ্চির গোলে স্বাগতিকেরা এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করতে পারত। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে ক্রিস্টিয়ান কোওয়ামির গোলে সমতায় ফেরে অতিথিরা।

দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে জিনোয়ার দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে অতিথিদের পেয়ে বসে জুভেন্টাস। কিন্তু জিনোয়ার রক্ষণ জমাট ফাঁকি দিয়ে জালের দেখা পাচ্ছিল না কোনোভাবেই।

ম্যাচের ৮৭ মিনিটে এসে জুভেন্টাসের আড্রিয়েনও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ স্কোরলাইনেই। ম্যাচের যোগ হওয়া সময়ে জিনোয়ার ডি বক্সে ফাউলের শিকার হন রোনালদো। সফল স্পটকিকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জুভেন্টাসের পর্তুগীজ সেনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.