Sylhet Today 24 PRINT

বাংলাদেশে ফিরছেন ফিনল্যান্ডে খেলা ফুটবলার

স্পোর্টস ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৯

ছবি: তারিক কাজীর ফেসবুক

ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী বাংলাদেশের ফুটবলে ফিরছেন। রক্ষণভাগে খেলা প্রবাসী এই তরুণ খেলেছেন ফিনল্যান্ডের অনূর্ধ্ব- ১৭, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলে। তাকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস।

তারিকের বাবার দেশের বাড়ি নওগাঁয়। সে সুবাদে ছোটবেলা থেকেই বাংলাদেশে যাওয়া আসা তার। ১৯ বছর বয়সী তারিক খেলেন রাইট ব্যাক পজিশনে। বর্তমানে খেলছেন নিজের জন্মস্থান ট্যাম্পেরে শহরের ক্লাব ইলভেস্ ট্যাম্পেরেতে। ফিনল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল ক্লাব এটি।

এ ক্লাবের হয়ে গত বছর ইউরোপা লিগের বাছাইপর্বে একটি ম্যাচে খেলার অভিজ্ঞতাও আছে তারিকের। আগামী মাসেই শেষ হয়ে যাচ্ছে ক্লাবটির সঙ্গে তার চুক্তি।

বসুন্ধরা কিংস তারিককে দলে নিয়েছে। তবে কবে বাংলাদেশে ফিরছেন এখনও নিশ্চিত না, কারণ বাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে আসেনি তার। এই সপ্তাহের মধ্যেই তা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি ইমরুল হাসান। এর পরেই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে বসুন্ধরা।

অনুশীলনে তারিকের পারফরম্যান্স দেখে খুবই উচ্ছ্বসিত বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। এমনই জানিয়েছেন ইমরুল হাসান। বলছেন, ‘আমরা তারিককে ট্রায়ালে এনেছিলাম। তার পারফরম্যান্স দেখে আমাদের কোচ খুবই উচ্ছ্বসিত। সে এখনই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে বলে জানিয়েছেন আমাদের কোচ। ওর পাসপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। তবে এই সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’

তারিকের ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মিডফিল্ডার ইমন বাবু। কয়েক সপ্তাহের অনুশীলন ও প্র্যাকটিস ম্যাচে তারিককে বড় মাপের খেলোয়াড় মনে হয়েছে ইমনের, ‘কোনো সন্দেহ নেই তারিক ভালো খেলোয়াড়। ও এখনই জাতীয় দলে খেলার মতো অবস্থায় আছে।’

এমনটা হলে হয়ত আরেক জামাল ভুঁইয়ার দেখা মিলতে পারে বাংলাদেশে। ডেনমার্ক থেকে দেশে ফেরা জামাল জেমি ডের অন্যতম প্রধান অস্ত্র। সবকিছু ঠিকঠাক থাকলে তারিক কাজীর মাধ্যমে জেমি ডের রক্ষণভাগে যুক্ত হতে পারে নতুন এক অস্ত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.