Sylhet Today 24 PRINT

একাই লড়লেন নাঈম

স্পোর্টস ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৯

ভারতের নাগপুরে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৩০ রানে। একইসাথে হেরেছে সিরিজও। তবে বাংলাদেশে দলের হয়ে একাই লড়ে গেছেন দলের তরুণ ক্রিকেটার নাঈম শেখ। জাতীয় দলের এই ২০ বছর বয়সী ব্যাটসম্যান একাই চালিয়েছেন ব্যাটিং তাণ্ডব। পেয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম টি-টয়েন্টি অর্ধশতক। আউট হওয়ার খেলে গেছেন ৪৩ বলে ৮১ রানের একটি ঝড়ো ইনিংস।

এর আগে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে মাত্র ১২ রানে লিটন দাস ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে টেনে তুলেন তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ। তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে গড়েন ৯৮ রানের জুটি। তাদের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ।

এরপর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। পরপর দুই বলে দুই উইকেট নেই। ২৯ বলে ২৭ রান করে দিপক চাহারের তৃতীয় শিকার মিঠুন। ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই শিবম দুবের গতির বলে স্ট্যাম্প ভেঙে যায় মুশফিকুর রহিমের।

দিল্লিতে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে জয় উপহার দেয়া মুশফিক আজ ফেরেন শূন্য রানে। তার বিদায়ে ১৩.১ ওভারে ১১০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

লিটন-সৌম্য যখন ফিরেছিলেন তখন দলীয় রান ছিল ১২। এরপর নাঈম শেখের সঙ্গে জুটি বাঁধেন মোহাম্মদ মিথুন। বড় শট না খেললেও তিনি নাঈমকে দারুণ সঙ্গ দেন মিথুন। দুজনে মিলে গড়েন ৯৮ রানের পার্টনারশিপ।

দলীয় ১১০ রানে দীপক চাহারের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মিথুন। ২৯ বল খেলে ২৭ রান করেন তিনি। মিথুন আউট হয়েছিলেন ১৩তম ওভারের শেষ বলে। আর ১৪তম ওভারের প্রথম বলে বোল্ড হন মুশফিক। এক বল খেলে মুশফিক রানের খাতা খুলতে পারেননি।

দুবের করা ১৬তম ওভারের তৃতীয় বলে বোল্ড হন নাঈম শেখ। পরের বলে দুবের হাতে ক্যাচ তুলে দেন আফিফ। তারপর অধিনায়ক রিয়াদকে নিয়ে আশা ছিল। কিন্তু ১৭তম ওভারে চাহালের বলে বোল্ড হয়ে যান রিয়াদ। তখনই আশা শেষ হয়ে যায়।

১৮তম ওভারের শেষ বলে শফিউলকে বিদায় করেছিলেন চাহার। এরপর ২০তম ওভারে বোলিংয়ে এসে ওভারের প্রথম বলে মোস্তাফিজকে ও দ্বিতীয় বলে আমিনুলকে বিদায় করেন চাহার। সেই সাথে পূর্ণ হয় চাহারের হ্যাটট্রিক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ভারত। বিপ্লব ক্যাচ মিস করায় ব্যক্তিগত শূন্য রানে জীবন পেয়েছিলেন শ্রেয়াস আয়ার। সেই ব্যাটসম্যান ৩৩ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে করেন ৬২ রান। ৩৫ বলে ৫২ রান করেন লোকেশ রাহুল। ১৩ বলে ২২ করেন মনিশ পান্ডে। বাংলাদেশের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ২টি, সৌম্য সরকার ২টি ও আল-আমিন হোসেন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৩০ রানে জয়ী ভারত।

ভারত ইনিংস: ১৭৪/৫ (২০ ওভার)

(রোহিত শর্মা ২, শিখর ধাওয়ান ১৯, লোকেশ রাহুল ৫২, শ্রেয়াস আয়ার ৬২, রিশাব পান্ত ৬, মনিশ পান্ডে ২২*, শিভব দুবে ৯*; আল-আমিন হোসেন ১/২২, শফিউল ইসলাম ২/৩২, মোস্তাফিজুর রহমান ০/৪২, আমিনুল ইসলাম ০/২৯, সৌম্য সরকার ২/২৯, আফিফ হোসেন ০/২০)।

বাংলাদেশ ইনিংস: ১৪৪ (১৯.২ ওভার)

(লিটন দাস ৯, নাঈম শেখ ৮১, সৌম্য সরকার ০, মোহাম্মদ মিথুন ২৭, মুশফিকুর রহিম ০, মাহমুদউল্লাহ রিয়াদ ৮, আফিফ হোসেন ০, আমিনুল ইসলাম ৯, শফিউল ইসলাম ৪, মোস্তাফিজুর রহমান ১, আল-আমিন হোসেন ০; খলিল আহমেদ ০/২৭, ওয়াশিংটন সুন্দর ০/৩৪, দীপক চাহার ৬/৭, যুজবেন্দ্র চাহাল ১/৪৩, শিভম দুবে ৩/৩০)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.