Sylhet Today 24 PRINT

ওমানের বিপক্ষে বাংলাদেশের বড় হার

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাই

স্পোর্টস ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৯

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৪ গোল জড়াল বাংলাদেশের জালে, বিপরীতে এক গোল দিতে পেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রথমার্ধে বাংলাদেশ ওমানের প্রতিরোধ যে শুধু রুখেছে তা নয়। নিজেরও শুরুতে সুযোগ তৈরি করেছে। ১২ মিনিটে জামাল ভূঁইয়ার দূরপাল্লার শট রুখে দেন ওমান গোলরক্ষক আলি আল হাবসি।

পরে অবশ্য ওমান গুছিয়ে ওঠে। বাংলাদেশের রক্ষণকে একের পর এক আক্রমণে ব্যস্ত রেখতে থাকে। পোস্টের নিচে ওমানের আক্রমণগুলো দারুণভাবে রুখেছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বসে বাংলাদেশ। সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করেন মোহসিন জোহর। ডি’র ওপর থেকে তার নেওয়া শট শুধু চেয়ে চেয়ে দেখতে হয়েছে বাংলাদেশ কিপার রানাকে। তার করার ছিল না কিছুই।

৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ওমান। এবার গোলদাতা রাবিয়া আল মান্ধার। ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় আরশাদের পায়ে ব্যবধান ৩-০ করে ওমান।

তিন মিনিট পর বিপলু আহমেদ বাংলাদেশের পক্ষে ব্যবধান কমালেও বাংলাদেশের জন্য ম্যাচ তখন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। যোগ করা সময়ে আরমান আল হাদি গোল করে শেষ পেরেক ঠুকে দেন বাংলাদেশের কফিনে।

চার ম্যাচে ৩ হার ও ১ ড্রতে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে কাতারের বিপক্ষে হার ২-০ গোলে। তৃতীয় ম্যাচে ভারতের মাঠে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে বিশ্বকাপের স্বাগতিক কাতার। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান। ভারতের সঙ্গে ড্র করা আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। ৩ পয়েন্ট নিয়ে ভারত আছে চার নম্বরে। ১ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ।

নিজেদের পঞ্চম ম্যাচে আগামী ২৬ মার্চে আফগানিস্তানের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। প্রথম পর্বে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.