Sylhet Today 24 PRINT

হ্যারি কেইনের হ্যাটট্রিকে মূল পর্বে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৯

ইংলিশ ফুটবলার হ্যারি কেইনের হ্যাটট্রিকে মন্টেনেগ্রোর জালে গোল উৎসব করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বাছাইপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে ৭-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল। দলের অন্য তিন গোলদাতা অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন, মার্কাস র‌্যাশফোর্ড ও ট্যামি আব্রাহাম।

বাঁ দিক থেকে বেন চিলওয়েলের দারুণ ক্রস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন লিভারপুলের অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। সাত মিনিট পর চিলওয়েলের ফ্রি-কিকে গোলমুখে বল পেয়ে হেডে ঠিকানা খুঁজে নেন কেইন।

২৪তম মিনিটে কেইনের দ্বিতীয় গোলেও অবদান রাখেন ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলা ২২ বছর বয়সী চিলওয়েল। লেস্টার সিটির এই ডিফেন্ডারের কর্নারে হেডে জাল খুঁজে নেন টটেনহ্যাম স্ট্রাইকার। ৩০তম মিনিটে কাছ থেকে স্কোরলাইন ৪-০ করেন মার্কাস র‌্যাশফোর্ড।

সাত মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন কেইন। ডান দিক থেকে দলের কনিষ্টতম (১৯ বছর বয়সী) জেডন স্যানচোর ক্রসে প্রতিপক্ষের গায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান তিনি। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বুদ্ধিদীপ্ত কোনাকুনি শটে স্কোরলাইন ৫-০ করেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী। জাতীয় দলের হয়ে কেইনের এটি তৃতীয় হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল হলো ৩০।

৬৬তম মিনিটে ইংল্যান্ডের আরেকটি আক্রমণ রুখতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ডিফেন্ডার আলেকসান্দার। ৮৪তম মিনিটে স্কোরশিটে নাম লেখান কেইনের বদলি নামা আব্রাহাম। চেলসির হয়ে দারুণ ছন্দে থাকা ২২ বছর বয়সী ফরোয়ার্ডের এটি জাতীয় দলের হয়ে প্রথম গোল।

সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড।

আরেক ম্যাচে কসোভোকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে চেক রিপাবলিকও। ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে কসোভো।

‘বি’ গ্রুপে লিথুয়ানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে মূল পর্বে ওঠার পথে এগিয়ে গেছে পর্তুগাল। সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ৩-২ গোলে হারানো সার্বিয়া ১৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। তাদেরও মূল পর্বে ওঠার সম্ভাবনা আছে। ১৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে থাকা ইউক্রেন আগেই মূল পর্ব নিশ্চিত করেছে।

‘এফ’ গ্রুপে দিনের আগের ম্যাচে তুরস্ক ঘরের মাঠে আইসল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে মূল পর্বের টিকেট নিশ্চিত করে। তাদের ফ্রান্সেরও মূল পর্বে ওঠা নিশ্চিত হয়ে যায়।

পরে ঘরের মাঠে খেলতে নেমে মলডোভাকে ২-১ গোলে হারিয়েছে ফরাসিরা। এই জয়ে ৯ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে তুরস্ক। তিন নম্বরে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১৬।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.