Sylhet Today 24 PRINT

মাল্টার জালে স্পেনের ৭ গোল

স্পোর্টস ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৯

ছবি: এএফপি

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপের মূল পর্ব নিশ্চিত ছিল আগেই। তাই বাছাই পর্বে মাল্টার বিপক্ষে একেবারেই নির্ভার ছিল স্পেন। ম্যাচটিতে বিশাল জয় নিয়ে এবার গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে প্রতিযোগিতাটির সাবেক চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটিতে ৭-০ গোলের জয় পায় স্পেন। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে পায় আরও পাঁচ গোল! একটি করে গোল করেন আলভারো মোরাতা, সান্তি কাসোরলা, পু তোরেস, পাবলো সারাবিয়া, দানি ওলমো, জেরার্দ মোরেনো ও জেসুস নাভাস।

২৩তম মিনিটে আলভারো মোরাতার গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সান্তি কাসোরলা।

দ্বিতীয়ার্ধে ৬২ থেকে ৭১, এই নয় মিনিটে আরও চারটি গোল করে স্কোরলাইন ৬-০ করে ২০০৮ ও ২০১২ সালের ইউরোপ চ্যাম্পিয়নরা। গোলগুলো করেন পাউ তরেস, পাবলো সারাবিয়া, দানিয়েল অলমো ও জেরার্দো মরেনো।

৮৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে মাল্টার কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাভাস।

বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত স্পেনের অর্জন ৯ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট। আরেক ম্যাচে রোমানিয়ার মাঠে ২-০ গোলে জিতে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সুইডেনও। তাদের পয়েন্ট ১৮।

এদিকে ‘জে’ গ্রুপে আগেই শীর্ষস্থান নিশ্চিত করা ইতালি জয়ের ধারা ধরে রেখেছে। বসনিয়া-হার্জেগোভিনার মাঠে ৩-০ গোলে জিতেছে রবের্তো মানচিনির দল।

২১তম মিনিটে ডিফেন্ডার ফ্রান্সেসকোর গোলে ইতালি এগিয়ে যাওযার পর ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেন্সো ইনসিনিয়ে। ৫২তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ফরোয়ার্ড আন্দ্রেয়া বেলোত্তি।

৯ ম্যাচের সবকটিতে জেতা ইতালির পয়েন্ট ২৭। এই গ্রুপ থেকে মূল পর্বে ইতালির সঙ্গী হয়েছে ফিনল্যান্ড। তাদের পয়েন্ট ১৮।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.