Sylhet Today 24 PRINT

সুয়ারেস-ভিদালের গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৯

শুরুতে এক গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে। লেগানেসের মাঠে শনিবার স্থানীয় সময় দুপুরে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জেতে বার্সেলোনা।

দ্বাদশ মিনিট গোল হজম করে বসে বার্সা। মাঝমাঠে তারা বল হারালে সতীর্থের পা ঘুরে পেয়ে যান ইউসুফ আন-নেসিরি। ডান দিক দিয়ে কোনো বাধা ছাড়াই ডি-বক্সে ঢুকে অসাধারণ এক কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মরক্কোর এই ফরোয়ার্ড।

৫৩তম মিনিটে সমতায় ফেরে ভালভার্দের দল। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে মেসির ফ্রি-কিকে লাফিয়ে নেওয়া হেডে দলকে সমতায় ফেরান সুয়ারেস। এবারের লিগে এটা তার সপ্তম গোল। আর আসরে মেসির ‘অ্যাসিস্ট’ হলো পাঁচটি।

৭৯তম মিনিটে বার্সেলোনার জয়সূচক গোলটি করেন ভিদাল। উসমান দেম্বেলের কর্নারে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে গোলমুখে পেয়ে জালে পাঠান অঁতোয়ান গ্রিজমানের বদলি নামা চিলির মিডফিল্ডার।

১৩ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.