Sylhet Today 24 PRINT

ভারত আর্মির সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৯

ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটি গ্রুপের নাম ‘ভারত আর্মি’। এই গ্রুপটি প্রতি বছর বিশ্বের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে থাকে। বরাবরের মতো এবারও সেই পুরস্কারটি দিবে। এই পুরস্কারটির জন্য বাংলাদেশি একমাত্র ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পোল পোস্টের মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।

৩২ বছর বয়সী এই তারকা ছাড়াও আরও তিন জন রয়েছেন এই তালিকায়। সাকিবের সঙ্গে ভারত আর্মি অ্যাওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোক, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন

২০১৯ বিশ্বকাপে ৮ ম্যাচে ৬০৬ রান করেছেন সাকিব আল হাসান। সেঞ্চুরি করেছেন দুটি, হাফসেঞ্চুরি রয়েছে মোট পাঁচটি। তুলেছেন মোট ১১ উইকেট। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়া এই অলরাউন্ডারকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

অভিযোগ ছিল ম্যাচ ফিক্সিং না করেও ভারতীয় বুকি দীপক আগারওয়ালের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও গোপন রেখেছিলেন সাকিব। তদন্তের সময় বিষয়টি মেনে নেয়ায় ১ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে।

ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় ইতিমধ্যে আইসিসির সব ফরমেটের র‌্যাংকিং থেকে সাকিবের নাম সরিয়ে নিয়েছে বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে চলতি বছর ইংল্যান্ড বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সতো কারওই ভোলার কথ নয়। ভারত আর্মির পক্ষ থেকে আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড় পুরুষ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন সাকিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.