Sylhet Today 24 PRINT

অবশেষে দেশে ফিরেছেন ক্রিকেটার সাইফ হাসান

স্পোর্টস ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৯

ভিসা জটিলতায় ভারতে আটকে থাকা জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান অবশেষে দেশে ফিরেছেন। বুধবার রাতে কলকাতা থেকে বিমানযোগে দেশে ফেরেন সাইফ। তার সঙ্গে ফিরেছেন সাইফের সঙ্গে ফিরেছেন লিটন দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও মেহেদি মিরাজও।

ভারত সফর শেষে ২৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সেই অনুযায়ী দলের অনেক সদস্য দেশে ফিরলেও ভিসা জটিলতায় আটকা পড়েন সাইফ হাসান। সেই জটিলতা কাটিয়ে অবশেষে দেশে ফিরলেন তরুণ এই পেসার।

গত জুনে বিসিবি একাদশের হয়ে খেলতে ভারতে যাওয়ার আগে ভিসা করেছিলেন সাইফ। তার সে ভিসার মেয়াদ ছিল ৬ মাস। এই মেয়াদ ছিল ২৪ নভেম্বর পর্যন্ত। ওই দিনই কলকাতার ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির টেস্টে ভারতের কাছে ইনিংসে হারে বাংলাদেশ।

পরের দিন সাইফ দেশে ফেরার জন্য রওয়ানা হলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর থেকে ফিরতে হয় হোটেলে। বাংলাদেশ উপ-হাইকমিশনের সহযোগিতায় এই সমস্যা কাটিয়ে বুধবার দেশে ফিরলেন সাইফ।

ইডেন টেস্ট শেষ হওয়ার পরপরই দেশে ফিরেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। ২৫ নভেম্বর দেশে ফিরে আসেন আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন ও সাদমান ইসলাম। তবে ব্যক্তিগত কাজে এখনো কলকাতায় রয়েছেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.