Sylhet Today 24 PRINT

মেসি-নেইমারের নৈপুণ্যে জয়ে শুরু বার্সার

নিউজ ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

স্প্যানিশ লা লিগায় শুভসূচনা করলো জায়ান্ট বার্সা । শিরোপা ধরে রাখার অভিযানে বার্সেলোনার শুরুটা হয়েছে জয় দিয়েই। টানা তৃতীয় জয় তুলে নিতে এবার লিওনেল মেসি ও নেইমারের নৈপুণ্যে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে তারা।

শনিবার ভিসেন্তে কালদেরনে স্বাগতিক আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সার ২-১ গোলের জয়ে একটি করে গোল করেন নেইমার ও মেসি। এর আগে আতলেতিকোকে এগিয়ে নেওয়া গোলটি করেন ফের্নান্দো তোরেস।

শুরুতে দলে মেসি না থাকলেও আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। পঞ্চদশ মিনিটে বার্সার আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়েও স্বাগতিক গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি সতীর্থ ইভান রাকিতিচ।

২৫তম মিনিটে আবার সুযোগ তৈরি করে বার্সেলোনা। রাকিতিচের কর্নারে হাভিয়ের মাসচেরানোর ফ্লিকে বল পান লুইস সুয়ারেস। কিন্তু তার শট বারে লেগে ব্যর্থ হয়ে যায়।

৩৪তম মিনিটে নেইমারকে দারুণ একটি সুযোগ তৈরি করে দেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস। কিন্তু ব্রাজিলের ফরোয়ার্ড আতলেতিকোর ডিফেন্ডারদের ফাঁকি দিতে না পারায় সেই সুযোগটি হাতছাড়া হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আতলেতিকোকে এগিয়ে নেন মিলান থেকে ধারে খেলতে আসা তোরেস। ৫২তম মিনিটে তিয়াগোর দারুণ এক পাস থেকে গোল করেন এই স্প্যানিশ স্ট্রাইকার।

সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি বার্সেলোনা। ৫৫তম মিনিটে ফ্রি কিক থেকে আতলেতিকোর জালে বল পাঠিয়ে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দেন নেইমার।

৬০তম মিনিটে রাকিতিচের বদলে মেসি মাঠে নামলে বার্সেলোনার আক্রমণের ধার আরও বাড়ে। মাঠের নামার সাত মিনিটের মধ্যে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেন মেসি। তার কাছ থেকে বল পেয়ে নেইমার আতলেতিকোর গোলরক্ষককে পরাস্ত করেন। কিন্তু গোল লাইন থেকে শেষ মুহূর্তে বল ফিরিয়ে দেন স্বাগতিক ডিফেন্ডার দিয়েগো গদিন।

৭৭তম মিনিটে আর হতাশ হতে হয়নি বার্সেলোনাকে। সুয়ারেসের পাস থেকে আতলেতিকোর জালে বল পাঠিয়ে দলকে প্রথমবারের মতো এগিয়ে নেন মেসি। তার উদযাপনই বুঝিয়ে দিচ্ছিল দ্বিতীয় ছেলে বেনজামিনকে উৎসর্গ করেছেন এই গোল।

৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ আসে মেসির সামনে। কিন্তু তা কাজে লাগাতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। নেইমারের কাছ থেকে পাওয়া বলে তার ভলি বার উঁচিয়ে বাইরে চলে যায়।

ম্যাচের যোগ করা সময়ে সমতা আনার সুযোগ পায় আতলেতিকো। কিন্তু প্রতিপক্ষের জালে আর বল পাঠানো হয়নি তাদের।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার শীর্ষে উঠে এসেছে লুইস এনরিকের বার্সেলোনা। সমান ম্যাচে দিয়েগো সিমেওনের আতলেতিকোর পয়েন্ট ৬।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.