Sylhet Today 24 PRINT

১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ডেম্বেলে

স্পোর্টস ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৯

চোট পিছু ছাড়ছে না উসমান ডেম্বেলের। মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটাতে হচ্ছে বার্সেলোনা ফরোয়ার্ডকে। এবার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে চোটে পড়েছেন ডেম্বেলে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের ম্যাচের ২৬ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান।

পরীক্ষা-নিরীক্ষা শেষে বার্সেলোনা জানিয়েছে, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড। সেরে উঠতে ১০ সপ্তাহ সময় লাগবে তার।

শুক্রবার কাতালান ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে মূল দলের খেলোয়াড় উসমান ডেম্বেলে তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। সেরে উঠতে ১০ সপ্তাহের মতো সময় লাগতে পারে।

এর মানে হলো, সামনের বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি মাঠে দেখা যেতে পারে ডেম্বেলেকে।

২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে চোট সমস্যায় প্রায়ই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। চলতি মৌসুমেও কয়েকবার চোটে পড়েছেন ডেম্বেলে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০১৯-২০ মৌসুমে খেলেছেন তিনি ৮ ম্যাচ। লা লিগায় ৪ ও চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ৪ ম্যাচ। গোল পেয়েছেন কেবল সেভিয়ার বিপক্ষে ন্যু ক্যাম্পের লিগ ম্যাচে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.