Sylhet Today 24 PRINT

ফন ডাইকের জোড়া গোলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৯

শেষ দিকের শঙ্কা কাটিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে হারালো ১০ জনের লিভারপুল। অ্যানফিল্ডে ২-১ গোলে জিতে ১১ পয়েন্ট এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো তারা।

ভার্জিল ফন ডাইকের জোড়া গোলে সহজ জয়ের ইঙ্গিত পাচ্ছিল লিভারপুল। কিন্তু গোলকিপার অ্যালিসন লালকার্ড দেখার পর লুইস ডাঙ্ক গোল শোধ দেওয়ায় ম্যাচে উত্তেজনা ফেরে।

ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ফ্রি কিক থেকে ১৮ মিনিটে ফন ডাইকের হেড জড়ায় ব্রাইটনের জালে। ২৪ মিনিটে দুজনের চেষ্টায় আবারও গোল করে লিভারপুল। আলেক্সান্ডার আর্নল্ডের ক্রস থেকে ফন ডাইকের দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

৭৬ মিনিটে বক্সের বাইরে গোলকিপার অ্যালিসন হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করায় ১০ জনের দল হয় লিভারপুল। অ্যালেক্স ওক্সলেড চেম্বারলেইনকে উঠিয়ে ব্যাকআপ গোলকিপার আদ্রিয়ানকে নামান ইয়ুর্গেন ক্লপ। নামার পরপরই ফ্রি কিক থেকে ডাঙ্কের গোল হজম করতে হয় তাকে।

দিনের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ২-২ ড্র করে ম্যানচেস্টার সিটি। ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষ দুই দলের ব্যবধান ১১ পয়েন্ট। ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে লিভারপুলের সংগ্রহ ৪০ পয়েন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.