Sylhet Today 24 PRINT

ইউরো ২০২০: পর্তুগাল, ফ্রান্স, জার্মানি একই গ্রুপে

স্পোর্টস ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৯

ইউরো চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে গ্রুপপর্যায়েই পড়তে হচ্ছে কঠিন পরীক্ষায়। ইউরো ২০২০ আসরের ‘গ্রুপ অব ডেথ’-এ পড়েছে তারা। ‘এফ’ গ্রুপে তাদের সঙ্গী গতবারের রানার্সআপ ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।

রোমানিয়ার বুখারেস্টে শনিবার স্থানীয় সময় বিকালে প্রতিযোগিতাটির ড্র অনুষ্ঠিত হয়। ‘এফ’ গ্রুপের আরেক দল হলো প্লে-অফ ‘এ’ জয়ী।

ইউরোপের ১২ দেশের ১২টি শহরে হতে যাওয়া প্রতিযোগিতাটির ষোড়শ আসর শুরু হবে আগামী বছরের ১২ জুন। ২৪ দলের অংশগ্রহণে মাসব্যাপী এই ফুটবলযজ্ঞের পর্দা নামবে ১২ জুলাই, ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনাল দিয়ে।

এ মাসে শেষ হওয়া বাছাইপর্বে নিশ্চিত হয়েছে টুর্নামেন্টের ২০ দল। আগামী বছরের মার্চে হতে যাওয়া প্লে-অফ থেকে নিশ্চিত হবে বাকি চার দল।

গত বছরের রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ইতালি এবারের ইউরো বাছাইয়ে দুর্দান্ত খেলে যেন নতুন দিনের ঘোষণা দিয়েছে। ১০ ম্যাচের সবকটিতে জেতা দলটি পড়েছে ‘এ’ গ্রুপে। তার সঙ্গী তুরস্ক, ওয়েলস ও সুইজারল্যান্ড।

বাছাইপর্বে আরেক শতভাগ সফল দল বেলজিয়াম খেলবে ‘বি’ গ্রুপে। বাছাইয়ে সর্বোচ্চ ৪০ গোল করা ও মাত্র তিনটি হজম করা দলটির সঙ্গী ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়া।

কঠিন সময় পেছনে ফেলে নিজেদের ফেরা পাওয়া নেদারল্যান্ডস আছে ‘সি’ গ্রুপে। উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরের রানার্সআপদের গ্রুপ সঙ্গী হলো ইউক্রেন, অস্ট্রিয়া ও প্লে-অফ ডি জয়ী।

বাছাইপর্বে আট ম্যাচের সাতটিতে জেতা ও অধিকাংশ ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানো ইংল্যান্ড খেলবে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক ও প্লে-অফ সি জয়ী।

তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের গ্রুপে আছে সুইডেন, পোল্যান্ড ও প্লে-অফ বি জয়ী। বাছাইপর্বেও একই গ্রুপে ছিল স্পেন ও সুইডেন; মুখোমুখি লড়াইয়ে ঘরের মাঠে জিতেছিল স্পেন, অন্যটি ড্র হয়েছিল।

কে কোন গ্রুপে
গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড

গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া

গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ ডি জয়ী

গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, প্লে-অফ সি জয়ী, চেক রিপাবলিক

গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, প্লে-অফ বি জয়ী

গ্রুপ এফ: প্লে-অফ এ জয়ী, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.