Sylhet Today 24 PRINT

ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি

স্পোর্টস ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বঙ্গবন্ধু বিপিএল) ঢাকা প্লাটুনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা। ঢাকার দলে 'এ' প্লাস ক্যাটাগরির ক্রিকেটার তামিম ইকবাল আছেন। কিন্তু গত আসরের ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে শিরোপা জেতানো তামিম ঢাকার নেতৃত্বে নেই। ঢাকার কোচ সালাউদ্দিন মনে করেন, মাশরাফির অভিজ্ঞতা হবে দলের বড় সুবিধা।

ইংল্যান্ড বিশ্বকাপের পরে ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি। বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কা সফরে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে শেষ সময়ে দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়া হয়নি। এরপর থেকে টি-২০ এবং টেস্ট খেলছে বাংলাদেশ জাতীয় দল। মাশরাফির তাই মাঠে ফেরা হয়নি। তবে বিপিএল দিয়ে ভালো মতো ফিরতে মাশরাফি অনুশীলন শুরু করে দিয়েছেন।

তার অবশ্য এখনও পিঠের ইনজুরি আছে। এছাড়া গ্রোন ইনজুরিতে ভুগছেন তিনি। তবে সুস্থ হয়ে পুরো টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন বলে আশা করছেন মাশরাফির ঢাকা প্লাটুনের কোচ সালাউদ্দিন। মাশরাফি এর আগে বিপিএলে তিন দলের নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেক দলকেই অন্তত একবার শিরোপা এনে দিয়েছেন তিনি। তার অধীনে ঢাকা গ্লাডিয়েটরস ২০১৩ ও ২০১৩ সালে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ এবং রংপুর রাইডার্স ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছে।

প্লাটুন কোচ সালাউদ্দিন বলেন, 'আমি আশা করছি পুরো টুর্নামেন্টে সে খেলবে এবং ভালো পারফরম্যান্স দেখাবে। আজ (শনিবার) সে প্রথম বল করেছে। তার ছন্দে কিছুটা ঘাটতি দেখা গেছে। তবে আমি মনে করছি, কয়েক দিন বল করলে এটা ঠিক হয়ে যাবে। এছাড়া তার অভিজ্ঞতা আমাদের জন্য বড় প্রাপ্তি। মাঠে যখন সে খেলে শতভাগ দিয়ে খেলে।'

কোচ সালাউদ্দিন আরও জানান, মাশরাফি আগেই ফিজিওর সঙ্গে কথা বলেছেন। নিজেই অনেক বেশি উদ্বুদ্ধ মাশরাফি। বল করলে কোন ব্যথা পাচ্ছেন না। এছাড়া ফিটনেস ফিরে পেতে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তার ওজন কমিয়েছেন। কিছুদিন ধরে অনুশীলনও করছেন মাশরাফি। এটা দলকেও আলাদা অনুপ্রেরণা দেবে বলে মনে করেন সালাউদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.