Sylhet Today 24 PRINT

এসএ গেমস ক্রিকেটে বাংলাদেশের ১০৯ রানের জয়

স্পোর্টস ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৯

এসএ গেমস ক্রিকেটে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এ বছরের শুরুতে টি-টোয়েন্টি মর্যাদা পাওয়া মালদ্বীপের বিপক্ষে তানভীর ইসলামের বাঁহাতি স্পিনে মাত্র ৬৫ রানে প্রতিপক্ষকে গুটিয়ে ১০৯ রানে জেতে বাংলাদেশ।

কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৪ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে অলআউট হয় মালদ্বীপ। তানভীর ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন।

১৭৫ রানের বড় লক্ষ্যে নেমে মালদ্বীপ তাদের প্রথম ৫ উইকেট হারায় তানভীরের বলে, ৪৫ রানের মধ্যে। মিনহাজুল আবেদীন আফ্রিদি ও আফিফ হোসেন জোড়া উইকেট নিলে ২০ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় মালদ্বীপ। দুই অঙ্কের ঘরে রান করেছেন শুধু দুই ওপেনার আহমেদ হাসান (১০) ও আলি ইভান (১২)।

তানভীর তার দুর্দান্ত বোলিং দিয়ে জিতে নেন ম্যাচসেরা পুরস্কার। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন আফিফ ও আফ্রিদি। বাকি উইকেটটি সৌম্যর।

এরআগে, প্রথমে ব্যাট করতে নেমে ৭.২ ওভার পর্যন্ত নির্বিঘ্নে কাটিয়েও দিয়েছিলেন মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার। এরপর মোহাম্মদ মাহফুজের থ্রোতে রানআউট হয়ে ফেরত যান নাঈম। দুজনের মধ্যে মালদ্বীপের বোলারদের ওপর অপেক্ষাকৃত চড়াও তিনিই ছিলেন। ৪ চার ও এক ছক্কায় ২৮ বলে ৩৮ রান করেছেন তিনি। তার আউট হওয়ার সময় দলের রান ছিল ৫৯।

নাঈম চলে যাওয়ার পরেও সৌম্য দলকে টেনে নিয়ে গেছেন ১৩.৩ ওভার পর্যন্ত। ৩৩ বলে ৪ চার ও দুই ছক্কায় ৪৬ রান করে সৌম্য যখন ফিরলেন, দলের রান তখন ১১২। নাঈমের মতো সৌম্যর আউটেও ভূমিকা ছিল মোহাম্মদ মাহফুজের। তার বলে আমিল মারুফের হাতে ক্যাচ দেন সৌম্য।

৯ বল খেলে একটি করে চার ও ছক্কা মেরে ১৬ রান করে ঝড় তোলার পূর্বাভাস দিচ্ছিলেন আফিফ হোসেন। সে ঝড় পুরোপুরি ওঠার আগেই আজিয়ান ফারহাতের বলে স্টাম্পড হয়ে ফেরত যান তিনি।

এসএ গেমস ক্রিকেটে মালদ্বীপের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল । দুর্বল এ প্রতিপক্ষের বিপক্ষে ব্যাটিংটা কী খুব সন্তোষজনক হলো?

পরে ইয়াসির আলির সহায়তায় দলের রান ১৭৪ পর্যন্ত নিয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন । দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। একটা চার ও তিন ছক্কায় ৩৮ বলে ৪৯ রান করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.