Sylhet Today 24 PRINT

বার্সার গোল উৎসবে মেসির হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৯

লিওনেল মেসির হ্যাটট্রিকে মায়োর্কার জালে গোল উৎসব করেছে বার্সেলোনা। দলের হয়ে অপর দুই গোল করেন লুইস সুয়ারেস ও অ্যান্তোনিও গ্রিজম্যান।

শনিবার রাতে কাম্প নউয়ে মায়োর্কার বিপক্ষে বার্সা ম্যাচ জেতে ৫-২ গোলে।

মেসি এই হ্যাটট্রিকের মাধ্যমে লা লিগায় হ্যাটট্রিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে গেলেন মেসি। রোনালদো লা লিগায় ৩৪ হ্যাটট্রিক করেছেন। স্প্যানিশ লিগে সর্বোচ্চ ৩৫ হ্যাটট্রিকের মালিক এখন মেসি।

সপ্তম মিনিটে গ্রিজম্যানের মাধ্যমে গোলের খাতা খোলে বার্সা। ১৭ মিনিটে ফরাসি তারকার থেকে বল পেয়ে ম্যাচে নিজের প্রথম গোলটি আনেন মেসি।

ম্যাচের ৩৫ মিনিটে মায়োর্কার হয়ে একটি গোল শোধ দেন আন্তে বুদিমির। ৪১ মিনিটে রাকিটিচের থেকে বল পেয়ে আবারও বক্সের বাইরে থেকে শটে জাল খুঁজে নেন এই আর্জেন্টাইন।

দুই মিনিট পরেই স্কোরশিটে নাম তোলেন সুয়ারেস। ডি ইয়ংয়ের পাসে বল পেয়ে দারুণ ব্যাকহিলে জালে জড়ান বল।

বিরতির পর ফিরে ৬৪ মিনিটে আরও একটি ব্যবধান কমায় মায়োর্কা। এবারও গোলদাতা বুদিমির।

আর ৮৩ মিনিটে লিগে নিজের ৩৫তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। বলের যোগানদাতা ছিলেন সুয়ারেজ। এনিয়ে চলতি লিগে সর্বোচ্চ ১২ গোল করলেন মেসি।

জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট। তবে তারা গোল ব্যবধানে দুইয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.