Sylhet Today 24 PRINT

নেইমারের নৈপুণ্যে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৯

লিগ ওয়ানের শীর্ষ স্থান ধরে রেখেছে পিএসজি। মঁপেলিয়ের বিপক্ষে শনিবার রাতে ৩-১ গোলে জয় পেয়েছে পিএসজি।

প্রথমার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শেষের দিকে নেইমার, কিলিয়ান এমবাপে ও মাউরো ইকার্দির গোল পিএসজিকে এই জয় এনে দেয়। ম্যাচে নেইমার দারুণ খেলেছেন, নিজে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও রেখেছেন অবদান।

এরআগে পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিয়ান্দ্রো পেরেদেস নিজেদের জালে বল জড়িয়ে বসলে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে দলটি।

৭২তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় মঁপেলিয়ে। এরপর আর রোখা যায়নি নেইমার-এমবাপে-ইকার্দিকে।

৭৪তম মিনিটে নিখুঁত ফ্রি-কিকে পিএসজিকে সমতায় ফেরান নেইমার।

এর দুই মিনিট পরই গোলের দেখা পান এমবাপে। ডি-বক্সে পাস দিয়ে ফরাসি এই ফরোয়ার্ডের গোলে অবদান রাখেন নেইমার।

৮১তম মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন দুর্দান্ত ফর্মে থাকা ইকার্দি। এমবাপের ক্রস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে গোলটি করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ষোলো ম্যাচে ৩৯। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে মার্সেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.