Sylhet Today 24 PRINT

আর্চারিতে সোনায় মোড়ানো সকাল

স্পোর্টস ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৯

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) আর্চারিতে দুই একক ইভেন্টে সোনা জিতলেন সুমা বিশ্বাস ও সোহেল রানা। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বাজিমাত করেন সুমা। সোহেলের শ্রেষ্ঠত্ব পুরুষ কম্পাউন্ড এককে। এরপর মেয়েদের রিকার্ভ এককে সোনার হাসি হাসেন ইতি খাতুন।

আগের দিন রিকার্ভ ও কম্পাউন্ডের দলগত ও মিশ্র ইভেন্ট থেকে এসেছে ছয়টি সোনা।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে প্রতিপক্ষ ভুটানের প্রতিযোগী দেমা সোনমকে ৭-৩ পয়েন্টে হারান ইতি। এর আগে শ্রীলঙ্কার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন সুমা। রোববার সুস্মিতা বণিক ও শ্যামলী রায়কে নিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগেও সোনা জিতেছিলেন এই আর্চার।

পুরুষ কম্পাউন্ড এককের ফাইনালে ১৩৭-১৩৬ স্কোরে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে সোনার পদক জিতে নেন সোহেল রানা। অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়ে রোববার কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টেও সোনা জিতেছিলেন এই আর্চার।

নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে এটি নিয়ে মোট ১৭টি সোনা জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে প্রতিযোগিতার ইতিহাসে এটাই দেশের সেরা সাফল্য। আগেরটি ছিল ১৯৯৫ সালে মাদ্রাজে পাওয়া ৭টি সোনা। হাতছানি আছে ২০১০ সালে সর্বোচ্চ ১৮ সোনা জয়কে ছাড়িয়ে নতুন উচ্চতায় ওঠার।

আগের দিন রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল সোনার পদক জয় করেন। তারা ৫-৩ সেট পয়েন্টে শ্রীলঙ্কাকে হারান।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায় ৬-০ সেট পয়েন্টে জিতে এনে দেন দ্বিতীয় সোনা। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট থেকে আসে তৃতীয় সোনা।

কম্পাউন্ড মিশ্র দ্বৈতে জুয়েল রানা-রোকসানা আক্তার জুটি স্বাগতিক নেপালের জুটিকে ১৪৮-১৪০ ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো সোনার হাসি এনে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.