Sylhet Today 24 PRINT

মেসির শো-কেসে আরও দুই পুরস্কার

স্পোর্টস ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৯

বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির শো-কেসে যুক্ত হলো আরও দুই পুরস্কার। লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে পিচিচি ট্রফি জিতেছেন বার্সেলোনা অধিনায়ক। সেই সঙ্গে জিতেছেন লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার ডি স্টেফানো ট্রফি।

স্পেনের জনপ্রিয় ফুটবলবিষয়ক দৈনিক মার্কা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মেসির হাতে গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে এই ট্রফি তুলে দেওয়া হয়। এই নিয়ে ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

২০১৮-২০১৯ মৌসুমে সর্বোচ্চ ৩৬টি গোল নিয়ে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসি। এছাড়া স্প্যানিশ লিগের গত মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ডি স্টেফানো জিতেছেন বার্সেলোনা অধিনায়ক।

সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবলাক। আর স্প্যানিশ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হিসেবে জারা ট্রফি জিতেছেন ইয়াগো আসপাস।

কয়েকদিন আগেই রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.