স্পোর্টস ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৯
দুই ম্যাচ ড্রয়ের পর আলাভেসের বিপক্ষে জয়ের পথে ফিরল বার্সেলোনা। কাম্প নউয়ে শনিবার ৪-১ গোলে জিতেছে ভালভারদের দল। একটি করে গোল করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস, অঁতোয়ান গ্রিজমান ও আর্তুরো ভিদাল।
১৪তম মিনিটে পর এগিয়ে যায় স্বাগতিকরা। সুয়ারেসের কাছ থেকে বল পেয়ে অরক্ষিত গ্রিজমান দলকে এগিয়ে দেন।
৪৫তম মিনিটে সুয়ারেসের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ভিদাল।
৫৬তম মিনিটে ব্যবধান কমায় আলাভেস। রুবেন দুরাতের ক্রসে পেরে পন্সের দুর্দান্ত হেড মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
৬৯তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ব্যবধান বাড়ান মেসি। চলতি বছর এটি তার পঞ্চাশতম গোল, লা লিগায় ৩২ ম্যাচে ৩৪তম। ১২ গোল করা করিম বেনজেমা ছাড়িয়ে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে ফিরলেন মেসি (১৩)।
সুয়ারেসের হেড আলভেসের একজনের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ৭৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়ান উরুগুয়ের স্ট্রাইকার। চলতি আসরে এটি তার দশম গোল।
টানা দুই ড্রয়ের পর এই জয়ে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বছর শেষ করেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।