Sylhet Today 24 PRINT

মাশরাফির বাঁ হাতে ১৪ সেলাই

স্পোর্টস ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০২০

ম্যাচের একাদশ ওভারের ঘটনা। মেহেদী হাসানের বলে লফটেড ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। কাভারে ক্যাচ নিতে বাঁ দিকে ঝাঁপিয়েছিলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্যাচ হাতে জমাতে পারেননি, কিন্তু বলের আঘাতে ব্যথায় কাতরে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায় অধিনায়কের বাহাতে লেগেছে ১৪টি সেলাই।

শনিবার (১১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ঢাকা প্লাটুন করেছিলেন ২০৫ রান। শিশিরসিক্ত মাঠে নাজমুল হোসেন শান্তর বিস্ফোরক সেঞ্চুরিতে ওই রান ১১ বল হাতে রেখেই পেরিয়ে জিতে যায় খুলনা।

ম্যাচ হারের সঙ্গে ঢাকা পেল অধিনায়ককে হারানোর দুঃসংবাদ। ঢাকার ম্যানেজার আহসানুল্লাহ হাসান জানান মাশরাফির হাতে দেওয়া হয়েছে ১৪টি সেলাই। সংবাদ সম্মেলনে আসা এনামুল হক বিজয় জানান মাশরাফির বাঁ হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির মাঝে অনেকখানি কেটে গেছে, ‘ভাইয়ের হাতে ১০টার বেশি (১৪টি) সেলাই লেগেছে , অনেকখানি কেটে গেছে, এই টুর্নামেন্টে তার পক্ষে আর খেলা খুবই কঠিন।’

সাধারণত সেলাই শুকানোর আগে খেলায় ফেরার সম্ভাবনা নেই। কাজেই মাশরাফির বিপিএল শেষই বলা যায়। এমনকি লম্বা সময়ের জন্যই হয়ত মাঠের বাইরে চলে গেলেন তিনি। বিপিএলের প্লে-অফে চার নম্বর দল হিসেবে এলিমিনেটর ম্যাচ খেলবে মাশরাফির ঢাকা। ১৩ জানুয়ারি এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.