Sylhet Today 24 PRINT

রোনালদো নয়, বেনজেমার গোলে জিতল রিয়াল মাদ্রিদ

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৫

পরপর দুই ম্যাচে এক ক্রিশ্চিয়ানো রোনালদো করেছিলেন ৮ গোল। স্পটলাইটটা স্বাভাবিকভাবেই ছিল তার দিকে, আগেও এমন থাকত। রোনালদো গোল করতে পারেননি, কিন্তু তাই বলে কি রিয়াল মাদ্রিদ হারবে- তা হবে কেন কারণ ও দলে যে করিম বেনজেমার মত খেলোয়াড়!

গ্রানাডার বিপক্ষে ম্যাচে তাই রোনালদো গোল না করলেও বেনজেমার গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ব্যবধান ১-০!

নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবারের ম্যাচটিতে খেলায় আধিপত্য বজায় রাখলেও জয়ের ব্যবধান বাড়াতে পারেনি রাফায়েল বেনিতেজের শিষ্যরা।

প্রথমার্ধের শেষ দিকে অতিথিদের ইউসেফ এল আরাবির শট জালে প্রবেশ করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে গেলে ম্যাচ লিড নিতে ব্যর্থ হয় গ্রানাডা।

ফরাসি স্ট্রাইকার বেনজেমা দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন। প্রথমার্ধের বেশকয়েকটি সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি স্বাগতিক রিয়াল। লা লিগার চারটি ম্যাচ থেকে ১০ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.