Sylhet Today 24 PRINT

বড় জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২০

ছবি: টুইটার

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। বাকি তিন গোল করেন অঁতোয়ান গ্রিজমান, ক্লেমোঁ লংলে ও আর্থার।

নিজেদের মাঠে কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ম্যাচে লেগানেসকে ৫-০ গোলে হারিয়েছে কিকে সেতিয়েনের দল। 

ম্যাচের চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেন গ্রিজমান। ডান দিক থেকে নেলসেন সেমেদোর পাস পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের দুপায়ের ফাঁক দিয়ে নিচু শটে গোলটি করেন তিনি।

গত সপ্তাহে তৃতীয় সারির দল ইবিজার বিপক্ষে শুরুতে গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়া বার্সেলোনা ফরাসি ফরোয়ার্ড গ্রিজমানের জোড়া গোলেই শেষ ষোলোর টিকেট পেয়েছিল।

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লেমোঁ লংলে। মেসির কর্নারে লাফিয়ে নেওয়া হেডে ঠিকানা খুঁজে নেন ফরাসি এই ডিফেন্ডার।

৫৯তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন মেসি। ডি-বক্সে ঢুকে নিচু শট নেন তিনি, বল আরেক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

৭৭তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন ব্রাজিলের মিডফিল্ডার আর্থার। আর ৮৯তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বড় জয় নিশ্চিত করেন এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.