Sylhet Today 24 PRINT

রিয়ালের সামনে সোসিয়েদাদ, বার্সার প্রতিপক্ষ বিলবাও

স্পোর্টস ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২০

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের ড্র শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ৪ ও ৬ ফেব্রুয়ারি হবে এক লেগের কোয়ার্টার-ফাইনাল ম্যাচগুলো। প্রতিযোগিতার সেমি-ফাইনাল হবে দুই লেগের ভিত্তিতে।

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর রিয়াল সোসিয়েদাদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা খেলবে প্রতিপক্ষের মাঠে আর রিয়াল খেলবে ঘরের মাঠে।

বৃহস্পতিবার বার্সেলোনা কাম্প নউয়ে শেষ ষোলোর ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দেয় লেগানেসকে। আগের দিন রিয়াল জারাগোজার মাঠে ৪-০ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে রিয়াল।

বিলবাওয়ের মাঠে গত কয়েক ম্যাচে বার্সেলোনার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। গত আগস্টে চলতি মৌসুমে লিগের প্রথম ম্যাচে বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। আর গত বছরের ফেব্রুয়ারিতে সান মামেসে লিগে গোলশূন্য ড্র করেছিল লা লিগা চ্যাম্পিয়নরা।

তবে কোপা দেল রেতে বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনা ২০০৯, ২০১২ ও ২০১৫ সালে ফাইনালে বিলবাওকে হারিয়েই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল।

লিগে গত নভেম্বরে সোসিয়েদাদের সঙ্গে সবশেষ দেখায় ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। এবার তাদের সামনে চ্যালেঞ্জ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা।

অন্য দুই কোয়ার্টার-ফাইনালের একটিতে বর্তমান চ্যাম্পিয়ন ভালেন্সিয়া খেলবে গ্রানাদার মাঠে। অন্যটিতে, সেভিয়াকে হারিয়ে উঠে আসা দ্বিতীয় বিভাগের দল মিরান্দেস নিজেদের মাঠে লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.