Sylhet Today 24 PRINT

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান জগমোহন ডালমিয়া আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৫

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া আর নেই। তিনি ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক প্রেসিডেন্টও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।

জগমোহন ডালমিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী ও সাবেক আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

এদিকে, ডালমিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডালমিয়ার মৃত্যুর শোক জানিয়ে এক টুইটার বার্তায় তিনি বলেন, উনি (ডালমিয়া) ক্রীড়ার একজন যোগ্য প্রশাসক ছিলেন। তিনি বাংলার একজন প্রকৃত প্রেমী।

শোক প্রকাশ করা হয়েছে বিসিসিআই এর পক্ষ থেকেও। বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ভারতীয় ক্রিকেট একজন বড়মাপের ক্রীড়া প্রশাসককে হারাল।

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই রাতেই তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হয়। তাঁর বাঁ-দিকের ধমনীতে একাধিক ক্লট অর্থাৎ রক্ত জমাট বেঁধেছিল। অপারেশনের পরে তাঁর অবস্থা সামান্য স্থিতিশীলও হয়েছিল।

প্রবীণ ক্রিকেট সংগঠকের শরীর শনিবারই কেবল একটু ভালো ছিল। তার চিকিৎসকরা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিসিসিআই প্রধানের অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা এও জানিয়েছিলেন, তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।
 
গত মার্চে তৃতীয় মেয়াদে বিসিসিআইয়ের সভাপতি হওয়া ৭৫ বছর বয়সী ডালমিয়ার স্বাস্থ্য নিয়ে গত কিছু দিন ধরেই শঙ্কা ছিল।

ডালমিয়ার মৃত্যুতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রীসহ একাধিক মন্ত্রী এবং সিএবি-র সব কর্তাব্যক্তি সহ ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ব্যাপারে ছিল ডালমিয়ার বড় অবদান। এই কারণে আজও বাংলাদেশের ক্রিকেট মহলে তিনি একজন জনপ্রিয় প্রশাসক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.