Sylhet Today 24 PRINT

ডালমিয়ার মৃত্যুতে শোকার্ত বাংলাদেশের ক্রিকেট

ডেস্ক রিপোর্ট |  ২১ সেপ্টেম্বর, ২০১৫

ক্রিকেটে আজকের বাংলাদেশের উত্থানে সবচেয়ে যে মানুষটির অবদান তিনি ডালমিয়া। কাজেই তার মৃত্যুতে কেবল আনুষ্ঠানিক শোক প্রকাশ নয় সত্যিই শোকার্ত বাংলার ক্রিকেট। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুতে শোক জানালেন বাংলাদেশের ক্রিকেটাররা।

বিসিসিআই প্রেসিডেন্ট ও সাবেক আইসিসি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে জগমোহন ডালমিয়ার সহযোগিতা ইতিবাচক ভূমিকা রেখেছিল।”

ডালমিয়ার আত্মার শান্তিকামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।

শেখ হাসিনা ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে ডালমিয়ার অবদান স্মরণ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ডালমিয়া ছিলেন বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটের এক অপূরণীয় ক্ষতি হল।

গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এক শোকবার্তায় উল্লেখ করেন, সত্যিকারের বন্ধু হারালো বাংলাদেশের ক্রিকেট।

শোক জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী ও সাবেক আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

১৭তম জাতীয় ক্রিকেট লিগে অংশ নিতে ক্রিকেটাররা এখন অবস্থান করছেন দেশের চারটি ভেন্যু ফতুল্লা, রাজশাহী, বগুড়া ও খুলনায়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় লিগের প্রথম রাউন্ডের চতুর্থ দিনের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছেন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা। এছাড়া ডালমিয়ার মৃত্যুতে শোক জানাতে বাহুতে কালো ব্যাজ ও ধারণ করছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেটের বড় বন্ধু মনে করা হতো ডালমিয়াকে। বাংলাদেশে ক্রিকেটের প্রথম বিশ্বআসর আয়োজন সম্ভব হয়েছিল তার দায়িত্বের সময়ই, ১৯৯৮ সালের মিনি বিশ্বকাপ।

প্রশ্নবিদ্ধ পারফরম্যান্স, উপযুক্ত অবকাঠামো ও আরও অনেক কিছুর ঘাটতি থাকার পরও যে বাংলাদেশ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল, সেটির পেছনেও বড় অবদান ছিল ডালমিয়ার।

উল্লেখ্য, রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।

এদিকে, ডালমিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডালমিয়ার মৃত্যুর শোক জানিয়ে এক টুইটার বার্তায় তিনি বলেন, উনি (ডালমিয়া) ক্রীড়ার একজন যোগ্য প্রশাসক ছিলেন। তিনি বাংলার একজন প্রকৃত প্রেমী।

শোক প্রকাশ করা হয়েছে বিসিসিআই এর পক্ষ থেকেও। বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ভারতীয় ক্রিকেট একজন বড়মাপের ক্রীড়া প্রশাসককে হারাল।

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই রাতেই তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হয়। তাঁর বাঁ-দিকের ধমনীতে একাধিক ক্লট অর্থাৎ রক্ত জমাট বেঁধেছিল। অপারেশনের পরে তাঁর অবস্থা সামান্য স্থিতিশীলও হয়েছিল।

প্রবীণ ক্রিকেট সংগঠকের শরীর শনিবারই কেবল একটু ভালো ছিল। তার চিকিৎসকরা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিসিসিআই প্রধানের অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা এও জানিয়েছিলেন, তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।
 
গত মার্চে তৃতীয় মেয়াদে বিসিসিআইয়ের সভাপতি হওয়া ৭৫ বছর বয়সী ডালমিয়ার স্বাস্থ্য নিয়ে গত কিছু দিন ধরেই শঙ্কা ছিল।

ডালমিয়ার মৃত্যুতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রীসহ একাধিক মন্ত্রী এবং সিএবি-র সব কর্তাব্যক্তি সহ ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.