Sylhet Today 24 PRINT

পূজার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সৌম্য

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২০

খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জীবনের নতুন ইনিংস শুরু করলেন এ তারকা ক্রিকেটার। জমকালো আয়োজনে খুলনা ক্লাব বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেললেন তিনি।

সৌম্য সরকারের মামা স্বদেশ কুমার সরকার বলেন, সনাতন ধর্মীয় রীতিনীতি মেনে রাত ১১টায় সৌম্য সরকারের বিয়ে সম্পন্ন হয়েছে। এ তারকা ক্রিকেটারের বিয়ে ঘিরে খুলনা ক্লাবে মিডিয়াকর্মীদের সরব উপস্থিতি ছিল।

জানা গেছে, প্রিয়ন্তি দেবনাথের বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী ও মা মাধবী দেবনাথ গৃহিণী। তাদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়। পূজা বর্তমানে ‌‌ও লেভেল পড়ছেন ঢাকার একটি কলেজে। তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে চারটি প্রাইভেটকার, আটটি মাইক্রোবাস ও ছয়টি বাসের বহরে ৫০০ বরযাত্রী নিয়ে খুলনার উদ্দেশে রওনা হন সৌম্য। রাত ৮টায় তিনি খুলনায় এসে পৌঁছান।

দুপুরে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার লাল-সবুজ বাড়িতে ঢাক-ঢোল, কাশীর বাদ্য আর উলুধ্বনিতে পরিবার-পরিজনের উপস্থিতিতে গায়ে হলুদ হয়ে যায় সৌম্য সরকারের। এ সময় হলুদ মাখিয়ে সৌম্য সরকারকে জন্য আশীর্বাদ করেন বাবা-মা, ভাই-ভাবিসহ পরিবারের অন্য সদস্য এবং প্রতিবেশীরা।

সৌম্যের বাবা অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার। সৌম্য বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান। ২০১৪ সালের ১ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.