Sylhet Today 24 PRINT

অবশেষে সাময়িক বরখাস্ত হলেন ব্লাটার

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৫

নানমুখী সমালোচনার পর অবশেষে ফিফা সভাপতি জেপ ব্লাটারকে ৯০ দিনের জন্য বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এথিক্স কমিটি। সুইস কর্তৃপক্ষ ব্লাটারের বিরুদ্ধে গত মাসে ফৌজদারী তদন্ত শুরু করার পর ফিফার এথিক্স কমিটি এ সপ্তাহে বৈঠকে বসে। বুধবার কমিটি এই সিদ্ধান্ত নেয়।
 
সুইস কর্তৃপক্ষের অভিযোগ, ৭৯ বছর বয়সী ব্লাটার ‘ফিফার জন্য নেতিবাচক’ এমন চুক্তি করেছেন এবং ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিশেল প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে অর্থ’ দিয়েছেন।

১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার অবশ্য প্রথম থেকেই কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ব্লাটারের উত্তরসূরি হতে চাওয়া প্লাতিনিও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
 
বুধবার জার্মান একটি সাময়িকীকে ব্লাটার জানান, কোনো দুর্নীতির প্রমাণ ছাড়াই তাকে দোষ দেওয়া হচ্ছে।
 
গত মে মাসে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের আনা দুর্নীতির অভিযোগে ফিফার সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ। এর দুই দিন পর ২৯ মে ফিফা সভাপতি নির্বাচনে পঞ্চমবারের মতো জেতেন ব্লাটার। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২ জুন তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.