জুড়ী প্রতিনিধি | ১৮ মে, ২০২০
করোনা মহামারির কারণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা পুলিশ সদস্যরা এবার নিজ উপজেলায় দাঁড়ালেন ভালবাসার উপহার নিয়ে। 'ত্রাণ বা সহায়তা নয়, বাংলাদেশ পুলিশের ভালবাসা' এ রকম লেখা ব্যাগের মধ্যে খাবার সামগ্রী দিয়ে প্রতিবেশীদের পাঠাচ্ছেন তারা।
পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জন্মগ্রহণ করা পুলিশ সদস্যরা মিলে এভাবেই বর্তমান পরিস্থিতিতে নিজ উপজেলার অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
বিজ্ঞাপন
রোববার ও সোমবার দুই দিনে উপজেলার মোট ছয়টি ইউনিয়নে ২৪০টি পরিবারের মধ্যে তারা এসব উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন।
করোনা পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগে বাঁধা-নিষেধ থাকার কারণে তাদের পরিবারের সদস্যরা স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে এসব উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন। জুড়ী থানার অফিসার ইনচার্জও তাদের এই মহৎ উদ্যোগে যোগ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর আ. আজিজ শিমুল, সিলেট জেলা পুলিশের রিজার্ভ অফিসে কর্মরত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর শাহাব উদ্দিন সবুজ এবং ৭-আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের হিসাব শাখায় কর্মরত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ক্লার্ক) মো. সহিদুর রহমান পাবেল এই মহৎ উদ্যোগ নেন।
এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, চিনি, ময়দা, সেমাই ও আলু, যা দিয়ে ৫ সদস্যের একটি পরিবার ১০ দিন সংসার চালাতে পারবেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র এএসপি পলাশ রঞ্জন দে জানান, নিজের দায়িত্ববোধ থেকে আমরা জুড়ীর উপজেলার পুলিশ সদস্যগণ আমাদের জন্মস্থানের কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।