Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যবিধি না মানায় শায়েস্তাগঞ্জে দোকানপাট বন্ধের নির্দেশ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১৯ মে, ২০২০

বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শপিংমল ও দোকানপাট শর্তসাপেক্ষে খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে উপজেলা প্রশাসন এক পরিপত্র জারি করেছে ১৯ মে থেকে ৩০ মে পর্যন্ত সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধের।

সোমবার (১৮ মে) শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার এ পরিপত্র জারি করেন।

বিজ্ঞাপন

তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের বাজার দুপুর ২টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে উন্মুক্ত স্থানে বসতে পারবে। রোজাদারদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের অনুমোদিত হোটেল রেস্তোরাগুলোও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখতে পারবে। জরুরী সেবাদানকারী ফার্মেসি ও পণ্য পরিবহন এ বন্ধের আওতার বাইরে থাকবে।

শপিংমলসহ দোকানপাট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার বলেন, ব্যবসায়ী ও মার্কেটে আসা লোকজন বিন্দুমাত্রও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। এতে করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এখন পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কোনও রোগী পাওয়া যায়নি। এ পর্যন্ত ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারও পজিটিভ আসেনি। তাই যাতে নতুন করে আর কেউ আক্রান্ত না হন তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও দাউদনগর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন দোকানপাট বন্ধ রাখার। তবে এ সিদ্ধান্ত না মেনে বিশেষ করে কাপড়, কসেমেটিকস ও জুতার দোকানগুলো খোলা রাখে। এতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.