Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৪ মে, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হাজী আইয়ুব মিয়া (৭৫)। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উমরপুর গ্রামের পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে আবুল হোসেন ও চাচাতো ভাই জিতু মিয়ার মধ্যে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রবিবার দুপুরে জিতু মিয়া তার লোকজন নিয়ে ওই পুকুরে জাল ফেলে মাছ ধরতে যায়। এ সময় ঝামেলা না হওয়ার জন্য দু’পক্ষেরই মুরব্বি (চাচা) আইয়ুব মিয়া পুকুর পাড়ে গিয়ে মাছ না ধরতে বলেন এবং পরে বিষয়টি গ্রামের মুরব্বিয়ানা সালিশের মাধ্যমে বসে সমাধানের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

পরে এ নিয়ে চাচা আইয়ুব মিয়ার সাথে ভাতিজা জিতু মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত জিতু মিয়া চাচা আইয়ুব মিয়া পুকুর পাড়ের ঘাটলার মধ্যে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.