Sylhet Today 24 PRINT

পর্যটন মেলায় দর্শনার্থীদের সাড়া নেই

নিজস্ব প্রতিবেদক |  ০৯ অক্টোবর, ২০১৫

সিলেটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হয়েছিলো বৃহস্পতিবার। তবে দ্বিতীয় দিনে এসেও এ মেলা তেমন সাড়া ফেলতে পারেনি সিলেটে। ফলে আজ শুক্রবারও মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিলো সামান্যই।

তবে আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে অনেক দর্শনার্থী আসতে শুরু করেন। সন্ধ্যার পর থেকে ভিড় লেগেছিলো মেলা প্রাঙ্গণে।

বৃহস্পতিবার সকালে নগরীর হোটেল রোজভিউতে শুরু হয় সিলেট ট্র্যাভেল মার্ট-২০১৫ নামে এই পর্যটন মেলা। ভ্রমণ বিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর এ মেলার আয়োজন করে। মেলায় মোট ১৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

তবে প্রচার প্রচারণার অভাবে পর্যটন নগরী হিসেবে খ্যাত সিলেটে আয়োজিত এই পর্যটন মেলায় নেই তেমন সাড়া।

শুক্রবার বিকেলে হোটেল রোজভিউয়ে মেলা প্রঙ্গণে গিয়ে দেখা যায়, অনেকটাই ফাঁকা মেলা প্রাঙ্গণ। মেলার স্টলের কর্মকর্তা কর্মচারী ছাড়া নেই তেমন কোনো দর্শনার্থী।

শুক্রবার বিকেলে মেলায় ঘুরতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম বলেন, এই মেলার কথা তো জানিই না। এইদিক দিয়ে যাওয়ার সময় ব্যানার দেখে দেখতে আসলাম। এ ধরণের মেলা আয়োজনের আগে আরো প্রচারণা প্রয়োজন ছিলো।

মেলায় অংশ নেওয়া লতিফ ট্র্যাভেলসের এক কর্মকর্তা বলেন, মেলায় দর্শনার্থীদের উপস্থিতি তেমন নেই। লোকজনের হয়তো মেলা আয়োজনের বিষয়টি জানে না।

মেলায় স্টল দেওয়া কক্সবাজারের একটি হোটেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পর্যটন মেলা নিয়ে সিলেটের লোকজনের আগ্রহ কম। তাই মেলায় মানুষের উপস্থিতিও কম।

তবে মেলার আয়োজক বাংলাদেশ মনিটরর হেড অব মার্কেটিং পিযুষ বলেন, শুক্রবার সন্ধ্যা পর থেকে মেলায় প্রচুর দর্শথানী সমাগম ঘটে। প্রথমবার হিসেবে দর্শানর্থীদের উপস্থিতি আশানুরুপ বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার মেলা শুরুর দিনে আয়োজন করা হয়েছিলো ‘বাংলাদেশে এডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার। তবে আজ তেমন কোনো আয়োজন ছিলো না মেলায়।

শনিবার রাত আটটায় শেষ হবে এ মেলা।অয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।

মেলা চলাকালীন অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম, ও অন্যান্য পণ্য ও সেবার উপর বিশেষ মূল্য ছাড় প্রদান করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.