Sylhet Today 24 PRINT

কাশীনাথ দাশতালুকদারের ১০৪তম জন্মবার্ষিকী পালন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৫

শ্রীমদ্ভভাগবতের প্রথম বঙ্গানুবাদক, হাওরাঞ্চলের প্রখ্যাত বিচারক ও বিশিষ্ট গীতিকার প্রয়াত কাশীনাথ দাশতালুকদারের ১০৪তম জন্মবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি গ্রামের শ্রী শ্রী গীতা সংঘ, মহিলা শাখা।

শুক্রবার সকাল আটটায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি গ্রামে প্রয়াতের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে পল্লি চিকিৎসক বিবেকানন্দ দাশ মিত্র, অমিয় গোপাল পুরকায়স্থ, সুবোধ চন্দ্র দাশ তালুকদার, দীপংকর, দীপেন্দ্র, নিবারণ তালুকদারসহ প্রখ্যাতজনেরা কাশীনাথ দাশতালুদার অনূদিত শ্রীমদ্ভভাগবত-এর পাশাপাশি শ্রীমদ্ভভগবত গীতা পাঠ করেন। এরপর প্রয়াতের লেখা নানা ধরনের লোকগান পরিবেশন করেন শিল্পীরা।

এদিকে প্রয়াতের ছেলে প্রমথেশ দাশ তালুকদারের সিলেট নগরের শ্যামলী এলাকার বাসায় এক গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। এতে অধ্যাপক বিমান চন্দ্র রায়, শিক্ষক সৌমিত্র দাশ, শিক্ষক মৃদুল কান্তি বিশ্বাসসহ প্রয়াতের আত্মীয়স্বজন ও গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজকেরা জানান, কাশীনাথ দাশতালুকদারের রচিত ধামাইল, সূর্যব্রত সংগীত ও কীর্তন গানের ব্যাপক প্রচলন রয়েছে হাওরাঞ্চলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.