নিউজ ডেস্ক | ১০ অক্টোবর, ২০১৫
সরকারী নির্ধারিত স্কেলে ৭ম গ্রেডের সমপরিমান বেতন নির্ধারন, সরকারী ছুটি, দৈনিক কর্মঘন্টা নির্ধারনসহ ৫ দফা দাবীতে সিলেটে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ পেশায় কর্মরতরা।
আজ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনের আয়োজন করে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসাসিয়েশন সিলেট জেলা শাখা।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, দেশের ঔষধ শিল্পের বিকাশে এই পেশা অত্যন্ত্ গুরুত্বপূর্ন হলেও এতে নিয়োজিত হাজার হাজার পেশাজীবির জীবনযাত্রা অনিশ্চয়তায় ঘেরা। নেই কোনো নির্ধারিত বেতন, নেই কর্মঘন্টার সীমা। এমনকি সরকারী ছুটির দিনগুলোতেও কর্তব্যরত থাকতে হয় তাদের। এমতাবস্থায় এ পেশার সাথে জড়িত হাজারো মানুষের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে।
অবিলম্বে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ পেশাজীবিদের জন্য নীতিমালা প্রনয়ণ করে এসব সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তারা।