Sylhet Today 24 PRINT

সরেজমিন মৌলভীবাজার : শোকের শহরে ভোটের হাওয়া

বিপ্লব দেব, মৌলভীবাজার থেকে ফিরে |  ১১ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজার শহরের পৌর পার্ক এলাকার চা-স্টল। স্টলটির উপরে গাছের সাথে একটা ব্যানার টানানো। কালো ব্যানারে লেখা-‌'সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে আমরা শোকাহত'। ব্যানারের নিচে ব্রেঞ্চে বসে চা খেতে গল্প করছিলেন দুই বৃদ্ধ। তাদের আলোচনার বিষয়ও মহসিন আলী। একজন বললেন, 'মানুষটার মন বালা আছিল (ভালো ছিলো)।'

সাথের জনের মন্তব্য, ইলান মানুষ মিলতো নায় (এমন মানুষ মিলবে না)।

এ-কথা ও-কথার পর তাদের আলোচনা মোড় নিলো নির্বাচনে। মহসীন আলীর মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন, কে কিভাবে প্রচারণা চালাচ্ছেন তা নিয়ে আলোচনায় মেতে উঠলেন দু'জন।

চা স্টলের ব্রেঞ্চে বসেই কথা হয় আব্দুর রশিদ ও কুতুব উদ্দিন নামের এই দুই বৃদ্ধের সাথে।

কুতুব উদ্দিন বলেন, বিএনপি না আসলে তো ভোট জমবে না। আব্দুর রশিদ বলেন, যাঁরাই প্রার্থী হওয়ার দৌড়ে আছেন, তাদের কেউই মহসীন আলীর মতো জনপ্রিয় নয়।

পুরো মৌলভীবাজার শহর ঘুরেই পাওয়া গেলো এমন বক্তব্য। পুরো শহরটা এখনো মহসীন আলীকে হারানোর শোক ভুলতে পারেনি। মৃত্যুতে সকল সমালোচনা ভুলে এখন সবার মুখে মহসীন আলীকে হারাণোর আফসোস। এই শোকের শহরে ধীরে ধীরে বইতে শুরু করেছে ভোটের হাওয়া।

বিশেষত আওয়মীলীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, লবিং, নেতাকর্মীদের নিজেদের পক্ষে টানার চেষ্টা আর নানা সভা সমাবেশের মাধ্যমে শুরু করে দিয়েছেন দলীয় সমর্থন আদায়ের চেষ্টা। সম্ভাব্য প্রার্থীদের এমন দৌড়ঝাঁপের ফলে সাধারণ মানুষের মধ্যেও এখন নির্বাচন কেন্দ্রিক আলোচনা। সবার মনেই প্রশ্ন-কে হচ্ছেন মহসীন আলীর স্থলাভিষিক্ত?

গত ১৩ সেপ্টেম্বর মারা যান সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। এরপরই মৌলভীবাজার-৩(সদর-রাজনগর) আসনটি শূন্য হয়। বিধি মোতাবেক শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন করতে হবে।

সম্ভাব্য প্রার্থীরা সকলেই ব্যস্ত দলীয় সমর্থন আদায় আর কর্মীদের পক্ষে নেওয়ার লড়াইয়ে। এনিয়ে অবশ্য ক্ষোভও আছে সাধারণ মানুষের মধ্যে। নেতারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় এখন পর্যন্ত মহসীন আলীর কোনো শোকসভা আয়ােজিত হয়নি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের অনেক কর্মীও।
এ নিয়ে রাজনগর এলাার বাসিন্দা আবু লেইছ ক্ষুব্দ কণ্ঠে বলেন, 'নেতাদের এখন এই নিয়ে ভাবার সময় নেই। তারা প্রার্থী হতে ব্যস্ত। মহসীন আলীর প্রয়োজনও সবার কাছে ফুরিয়ে গেছে!'

মৌলভীবাজার শহর ঘুরে দেখা যায়, সম্ভাব্য প্রার্থীদের সমর্থনে পোষ্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। কেউ দোয়া চাইছেন আবার কেউ উন্নয়নের সুযোগ চাইছেন।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে- প্রয়াত মন্ত্রীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও সাবেক হুইপ আজিজুর রহমান, পুলিশের সাবেক এআইজি ও জনতা ব্যংকের পরিচালক সৈয়দ বজলুল করীম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরুজ, সাধারণ সম্পাদক নেছার আহমদ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এমএ রহিম শহীদের নাম।

দলীয় মনোনয়ন ও কর্মীদের সমর্থন আদায়ে এই নেতারা নিজেদের মতো প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মহসিন আলীর মেঝো মেয়ে সৈয়দা সানজিদা শারমিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় নেতাকর্মীরা চাইছেন যাতে আম্মা প্রার্থী হন। তাছাড়া আব্বার অনেক স্বপ্ন অসূম্পূর্ণ রয়ে গেছে। তিনি বলেন, আব্বা ছিলেন মৌলভীবাজারবাসীর একান্ত আপনজন। আশা করছি, আমরা মানুষের এই ভালোবাসা পাবো।'

সানজিদা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আব্বার মৃত্যুর পরদিন থেকে উনার কাছের অনেকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটের প্রচারনা শুরু করেন। যদিও তখন পর্যন্ত উনার আসনটি শূন্য ঘোষণা হয়নি। ব্যাপারটা আমাদেরকে খুব মর্মাহত করেছে। জেলা আওয়ামীলীগের কোন পর্যায় থেকেই এখন পর্যন্ত একটা শোকসভা আয়োজন করা হয়নি। এধরণের প্রস্তুতি দেখা যায়নি। সবাই উপ-নির্বাচনে প্রার্থি হওয়া নিয়ে ব্যস্ত।'

উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পুলিশের সাবেক এআইজিপি বজলুল করিম বলেন- ‘আমি গত নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়েছিলাম। পরে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয় প্রত্যহার করি। আশা করছি এবার আমাকে বিবেচনা করা হবে'।

তিনি বলেন, 'মহসীন আলীর মতো মহান দেশপ্রেমিকের মৃত্যুর দীর্ঘদিন পরও একটা শোক সভা আয়োজন না করা দুঃখজনক। তবে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকায় শোকসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।’

মৌলভীবাজার আওয়ামীলীগে কোন্দলের কথা উল্লেখ করে বলেন, ‘মৌলভীবাজার আওয়ামীলীগ আজ আন্তঃকোন্দলে দ্বিধাবিভক্ত। শহীদ (সাবেক চীফ হুইপ আব্দুস শহীদ) গ্রুপ, নেসার গ্রুপ, কামাল গ্রুপ এরকম নানা গ্রুপ। একারনেই মূলত: এখনও কোন শোকসভা আয়োজিত হয়নি বলে আমি মনে করছি। তবে আমি এসবের মধ্যে নেই।’

নির্বাচনে প্রার্থিতা বিষয়ে তিনি জানান, ‘দল যদি মনোনয়ন দেয় তাহলে প্রার্থী হব, অন্যথায় দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো।’

আরেক মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেন- 'আমি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। আমি মৌলভীবাজারে দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি'।

তিনি বলেন, 'জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো পর্যন্ত মহসীন আলীর জন্য কোন আনুষ্ঠানিক শোকসভা হয়নি, তা আসলে নোংরা মানসিকতার পরিচয়'।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.