Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ভুয়া ইমাম সেজে প্রধানমন্ত্রীর অনুদানের চেক গ্রহণের অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুন, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কালেঙ্গা গ্রামে দক্ষিণ কালেঙ্গা জামে মসজিদের ভুয়া ইমাম সেজে প্রধানমন্ত্রীর অনুদানের চেক গ্রহণের অভিযোগের অভিযোগ উঠেছে কাজী মৌলভী কেরামত আলীর বিরুদ্ধে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি কোন মসজিদের ইমাম বা মুয়াজ্জিন নয়, তারপরও প্রতারণা করে গত শনিবার (৬ জুন) বিকালে মসজিদ ভিত্তিক নগদ ৫ হাজার টাকার চেক গ্রহণ করেছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলাপ আলোচনা শুরু হয়েছে।

কালেঙ্গা গ্রামের কয়েকজন ইমাম জানান, কেরামত আলী মসজিদের ভুয়া ইমাম সেজে দক্ষিণ কালেঙ্গা জামে মসজিদ দেখিয়ে এই অনুদানের চেক গ্রহণ করেছেন। রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব বলেন, দক্ষিণ কালেঙ্গা জামে মসজিদ নামে কোন মসজিদ নেই। এই নাম ব্যবহার করে প্রধানমন্ত্রীর অনুদানের চেক গ্রহণ খুবই দু:খজনক। এটা প্রতারণার শামিল। এই বয়সে এসেও তিনি লোভ লালসা বাঁধ দিতে পারলেন না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়ে রোববার (৭ জুন) দুপুরে দ্রুত চেকটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কেরামত আলী বিরুদ্ধে বাল্যবিবাহসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, কেরামত আলীর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.