Sylhet Today 24 PRINT

সিলেটে করোনা চিকিৎসায় প্রস্তুত হচ্ছে আরও দুই হাসপাতাল

দেবকল্যাণ ধর বাপন |  ১২ জুন, ২০২০

সিলেটে দিনদিন বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। তবে করোনা রোগীদের চিকিৎসার জন্য এখানে নেই পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র। বর্তমানে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে মাত্র একটি সরকারি হাসপাতাল। ফলে রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ অবস্থায় সিলেটের আরও দুটি সরকারি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে।

আগামী কয়েকদিনের মধ্যেই এসব হাসপাতালে করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া শুরু হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিভাগ, সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য নির্ধারিত স্থান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রস্তুত করা হচ্ছে। শামসুদ্দিন হাসপাতালে রোগীর বাড়তি চাপ কমাতে এ দুই সরকারি হাসপাতালে রোগী স্থানান্তর করা হবে। এ দুটি হাসপাতালে ৩১ শয্যা করে মোট ৬২টি শয্যা রয়েছে বলে জানা যায়।

বিজ্ঞাপন



সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, শাহপরান হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। করোনা রোগীদের চিকিৎসায় আইসিইউসহ যেসব সুবিধা প্রয়োজন তা এই দুই হাসপাতালে ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করছি।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, যখনই সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর ধারণ ক্ষমতা শেষ হয়ে আসবে তখনই করোনা সাসপেক্ট রোগীদের এ হাসপাতাল থেকে সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। যেহেতু এখনো নগরীর এ হাসপাতালটিতে বেশ কিছু শয্যা খালি রয়েছে তাই এখনো এ দুই হাসপাতালে চিকিৎসাসেবা শুরু হয়নি।

হাসপাতাল দুটিতে কিছু সংস্কার কাজও চলছে জানিয়ে আনিসুর রহমান বলেন, সেখানে আমরা বর্তমানে অক্সিজেন সাপোর্ট বাড়ানোর কাজ করছি। একইসাথে প্রবাসীদের সহযোগিতায় হাসপাতাল দুটিতে করোনা রোগীদের চিকিৎসায় উন্নত প্রযুক্তিসম্পন্ন মেশিনারিজ স্থাপনের কাজও অচিরেই শুরু হচ্ছে। বর্তমানে হাসপাতাল দুইটির দায়িত্বে রয়েছেন সিলেটের সিভিল সার্জন ও জেলা প্রশাসক। উনারাই এখন এর দেখভাল করছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২০৭২ জনের। আর সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১২৪৮ জন। এখন পর্যন্ত ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করে করোনা রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এছাড়া সম্প্রতি নগরীর দুটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.