Sylhet Today 24 PRINT

কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৫

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে সুনামগঞ্জ সরকারী কলেজের একাদশ ১ম বর্ষের শিক্ষার্থীকে প্রেম প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে এসিড নিক্ষেপের প্রতিবাদ এবং বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার সকাল সাড়ে ১১টায় মির্জাজাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নেটওয়ার্কের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট মহিলা আইনজীবি সমিতির বিভাগীয় প্রধান এড. শিরিন আক্তার, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সামিউল আলম, মির্জাজাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আকন্দ, মির্জাজাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমি চৌধুরী।

বক্তরা বলেন, সভ্য সমাজে এসিড নিক্ষেপ কখনোই কাম্য নয়। এই এসিড নিক্ষেপকারী বখাটের অতিসত্তর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে দৃষ্টান্তস্থাপন করতে হবে যে, এই ধরণের এসিড নিক্ষেপে যেন কেউ কখনো সাহস না পায়। বক্তারা এসিড সন্ত্রাসের সর্বোচ্চ শাস্তি দাবী করেন এবং আইনের ফাঁক দিয়ে এসিড সন্ত্রাসীরা যাতে কোন ভাবে বের হয়ে না যেতে পারে সেই দিকে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সনাক সভাপতি ও ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী এড. ইরফানুজ্জামান চৌধুরী, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী প্রভা চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ও রোটারিয়ান মিজানুর রহমান, যুব সংগঠক ও সমাজকর্মী আলী আহ্সান হাবিব, মির্জাজাঙ্গল সকল শিক্ষকবৃন্দ সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.